শেষ হলো ছায়ানটের বর্ষপূর্তির আয়োজন

‘ছায়ানেটের বড় বৈশিষ্ট্য হচ্ছে, সে বাঙালির স্বাধিকারের যে সংগ্রাম সেই সংগ্রামের পথ বেয়ে চলে। এর শিক্ষার্থীরা বাংলা গানকে যথার্থভাবে উপলদ্ধি ও বাঙালি সংস্কৃতিকে হূদয়ে ধারণ করে। সবচেয়ে বড় কথা রুচির দুর্ভিক্ষের দেশে তারা সুরুচির মানুষ হয়ে ওঠে।’
ছায়ানট সংগীত বিদ্যায়তনের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনের অনুষ্ঠানের সমাপনী দিনে গতকাল শনিবার এভাবে স্মৃতিচারণা করে শ্রদ্ধাঞ্জলি জানান আলোচকেরা। রাজধানীর ছায়ানট সংস্কৃতি ভবনের মিলনায়তনে সন্ধ্যায় স্মৃতিচারণা, লোকসংগীত, রবীন্দ্র, নজরুল ও শুদ্ধ সংগীতের একক পরিবেশনা আর নৃত্য দিয়ে দ্বিতীয় দিনে ছিল বর্ণ্যাঢ্য আয়োজন।
সম্মেলককণ্ঠে লালনের গান ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে বাঙালির প্রকৃত মনন গড়ার সহযাত্রী বিষয়ে কথন উপস্থাপন করেন প্রতিষ্ঠানের সহসভাপতি সারওয়ার আলী।
তিনি বলেন, আত্মপরিচয়ের সন্ধানে এই অঞ্চলের বাঙালি দীর্ঘ পথ অতিক্রম করেছে। সব দেশে নানা ধর্মের মানুষ থাকে। কিন্তু তাঁর আপন সংস্কৃতি সাধারণ ভাষাভিত্তিক। এ দেশে যাঁরা বিদগ্ধজন তাঁরা ১৯৬১ সালে ছায়ানট গড়ে তোলেন। ১৯৬৩ সালে ছায়নট বিদ্যায়তন প্রতিষ্ঠিত হয়। ছায়ানট কী চেয়েছে প্রশ্ন রেখে সারওয়ার আলী বলেন, প্রতিজনে যদি পরিপূর্ণ বাঙালি হয়ে উঠতে পারে, তবেই এ দেশটি বাস্তবিকই মুক্তিযুদ্ধের বাংলাদেশ হবে। এ কাজটির ভার রাজনীতিবিদদের নয়। কারণ ধর্ম বিষয়ে অতি সতর্ক এই মানুষেরা প্রায়ই নীতিকে জলাঞ্জলি দিয়ে কৌশলের আশ্রয় নেয়। এই দায় ছায়ানটের ছেলেমেয়েদের। এই দায়টি কতটা তারা পালন করবে, এর মধ্য দিয়ে দাঁড়াবে বাংলাদেশটা কেমন বাংলাদেশ হবে। শিক্ষার্থীদের তিনি বলেন, ‘তোমরা ছায়ানটের প্রত্যাশা পূরণ যত করবে, তত বেশি তোমরা পরিপূর্ণ মানুষ হয়ে আমাদের স্বপ্নের বাংলাদেশকে গড়বে।’
পরে সম্মেলক লোকসংগীত ‘গড়তে মোদের সোনার বাংলা’ ও ‘এই যে দুনিয়া কিসের লাগিয়া’ পরিবেশন করে শিক্ষার্থীরা। ১৯৮০ সালে প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক নারায়ণচন্দ্র শীল শ্রদ্ধাঞ্জলিতে বলেন, ‘ছায়ানটে ১৯৮০ সালে ভর্তি হই। তখন শিক্ষার্থী ছিলাম দুজন। যখন প্রথম ভর্তি হই, তখন ঐক্য ছিল। এটা অটুট আছে। এখন ছায়ানটের যে অবস্থা প্রারম্ভিক ও শিশু এবং প্রথম বর্ষ থেকে শুরু করে সব বর্ষে অত্যন্ত আনন্দের সঙ্গে লোকগীতি শিখছে সবাই। বাংলাদেশে স্বনামখ্যাত গীতিকবি লালন, হাছনসহ নাম না জানা অনেকের গান শেখানোর চেষ্টা করছি। ভালো গান অপ্রচলিত হলেও ছাত্রছাত্রীরা অত্যন্ত আনন্দের সঙ্গে লুফে নিচ্ছে। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের। লোকগীতের বাইরে যে বিষয় বাঙালিপনা। আমাকে বাঙালি হওয়া শিখিয়েছে ছায়ানট।’
এর পরপরই লোকসংগীত পরিবেশ করেন সরদার মো. রহমতুল্লা, বিমান চন্দ্র বিশ্বাস ও নাজমুল আহসান। পরে স্মৃতিচারণা করে শ্রদ্ধাঞ্জলি জানান লায়লা হাসান। প্রতিষ্ঠানের নৃত্যকলা বিভাগের প্রথম এই শিক্ষক বলেন, ‘শুধু শিল্পী নয়, আদর্শ মানুষ গড়ে তোলার বিদ্যাপীঠ এটি। বাঙালিপনা ও বাঙালি গড়ে তোলার এমন প্রতিষ্ঠান আর দেখিনি।’
পরে মণিপুরি ‘যুগালনর্ত্তন’ নৃত্য পরিবেশ করেন ফারহানা আহমেদ ও সোনিয়া রশিদ। এরপর মঞ্চে আসেন ওয়ার্দা রিহাব। তিনি পরিবেশন করেন মণিপুরি নৃত্য ‘শিবস্তুতি’। এরপর ভরতনাট্যম ‘অষ্টপদী’ পরিবেশন করেন অর্ন কমলিকা। পরে শ্রদ্ধাঞ্জলি ও একক রবীন্দ্রসংগীত, শুদ্ধসংগীত ও নজরুলসংগীত পরিবেশন করেন শিল্পীরা। সম্মেলককণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।