প্রযুক্তির উদ্ভাবন প্রদর্শন, গবেষক ও শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে শেষ হলো জিন ন্যানো প্রযুক্তি ও জীব প্রকৌশলবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। এতে আটটি শ্রেণিতে দেশি-বিদেশি বিজ্ঞান গবেষকদের পুরস্কৃত করা হয়।
‘জিনোমিকস, ন্যানো টেকনোলজি এবং বায়ো ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক তিন দিনব্যাপী এই সম্মেলন গত রোববার শুরু হয়।
গতকাল মঙ্গলবার শেষ দিনে সকাল থেকে ‘বায়োইনফোমেটিক্স এবং সিস্টেম বায়োলজি’ ও ‘সেল সিগন্যালিং এবং জিন রেগুলেশন’ নিয়ে অধ্যাপকসহ ১০ জন দেশি-বিদেশি গবেষক প্রবন্ধ উপস্থাপন করেন।
আন্তর্জাতিক এই সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের স্বাস্থ্য উপদেষ্টা ও যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিতা আর কলওয়েল।
সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। পুরস্কার পেয়েছে ডিএনএ সল্যুশন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ), ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল, এনএসইউয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্স বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এনএসইউ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মাইক্রোবায়োলজি এবং জাপানের নারা ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষক দল।
তিন দিনব্যাপী এই সম্মেলনে জিনোমিক, বায়োইনফরমেটিকস, প্রোটোমিকস, টিস্যু ইঞ্জিনিয়ারিং, ড্রাগ ডিজাইন এবং ন্যানো প্রযুক্তি প্রভৃতি গবেষণা ক্ষেত্রগুলোর ওপর বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশসহ ১৭টি দেশের বিজ্ঞান গবেষকেরা প্রায় ৩০০ গবেষণাপত্র জমা দেন এই সম্মেলনে। এর মধ্য থেকে আটটি অধিবেশনে ৩৮টি গবেষণা উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক জি ইউ আহসানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলাম, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম এ কাশেম, রেহানা রহমান, ইয়াসমিন কামাল, সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক হাসান মাহমুদ রেজাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।