শেষ হলো দ্বিবার্ষিক চারুকলা প্রদর্শনী

তাঁর দুই হাতে দুটি ফায়ার পয়। অনেকটা গোলার মতো দেখতে, কাপড় দিয়ে বানানো। সেগুলোকে হাতে ধরতে হয় দুটি শিকল দিয়ে। একটু পর পয়ে আগুন জ্বালালেন শিল্পী। এরপর তিনি দেখানো শুরু করলেন তাঁর কারিশমা। দুই হাতে আগে-পিছে নিয়ে চমৎকার খেলা দেখালেন। এই খেলা শিখলেন কী করে? শিল্পী কাইমুল হক স্যাম আগেই বলেছিলেন, ইউটিউবই ছিল তাঁর একমাত্র ভরসা!
স্যামের এই ফায়ার স্পিনিংয়ের মধ্য দিয়ে শেষ হয়ে গেল ‘আন্তর্জাতিক দ্বিবার্ষিক শিল্পকলা প্রদর্শনী কক্সবাজার ২০১৫’ । কক্সবাজার ইনস্টিটিউট অ্যান্ড পাবলিক লাইব্রেরিতে আয়োজিত হয়েছিল শিল্পকলার এ উৎসব।
এর আগে বিকেলে দেখানো হয় চিত্রশিল্পী এস এম সুলতানের ওপর চলচ্চিত্রকার তারেক মাসুদ নির্মিত প্রামাণ্যচিত্র আদম সুরত। বাইরে তখন তুমুল বর্ষণ। মিলনায়তনের ভেতরে দর্শকেরা দেখছিলেন কী ধরনের অপ্রথাগত জীবনযাপন করতেন সুলতান। জীবনের শুরুর দিকে ভারতের কাশ্মীর থেকে তিন বছর ছবি আঁকলেন, ১৯৪৭-এ পাকিস্তানে এসে পেলেন খ্যাতি। ইউরোপে যাওয়ার পর পাবলো পিকাসো, হেনরি মাতিস, সালভাদর দালির মতো চিত্রশিল্পীদের সঙ্গে তাঁর ছবিও প্রদর্শিত হয়। এরপর সব ছেড়েছুড়ে তিনি চলে এলেন নড়াইলের নিভৃত পল্লিতে। যশোর ও নড়াইলে বাচ্চাদের ছবি আঁকার স্কুল করলেন। যশোরের স্কুলটিতে সে সময় তাঁর কাছে ছবি আঁকা শিখেছিলেন শরাফত হোসেন পাশা, যাঁর আঁকা ছবি এ প্রদর্শনীতে স্থান পেয়েছে।
প্রামাণ্যচিত্রে সুলতানের বিভিন্ন সময়ে আঁকা কিছু ছবি দেখানো হয়। কোন সময়ে কোন ছবিগুলো কেন সুলতান এঁকেছিলেন—তার একটি ধারাবাহিক বিবর্তনও কক্সবাজারের দর্শকেরা দেখতে পান।
প্রামাণ্যচিত্র শেষ হওয়ার একটু পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৈয়দ নিজার আলম মঞ্চে উঠলেন। তিনি বললেন, ‘সুলতান ও বাংলাদেশ শিল্প বিউপনিবেশায়ন সম্পর্কে তাঁর ভাবনা’ নিয়ে। তাঁর কথাতেই পাওয়া গেল, ভারতবর্ষের শিল্পের ইতিহাস প্রথম লিপিবদ্ধ করেন ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার কানিংহাম ও জেমস ফার্গসন। তাঁরা এখানকার শিল্পকে ‘আর্ট’ বলতে রাজি ছিলেন না, বলতেন ‘ক্রাফট’। পরে ই বি হ্যাবেল ও অবনীন্দ্রনাথ ঠাকুর এর বিপরীতে অবস্থান নেন। অবনীন্দ্রনাথেরা ভারতের গুহাচিত্র ও মোগল চিত্রকর্মের ঐতিহ্যের কাছে ফেরত গিয়ে শিল্পের বিউপনিবেশায়ন চেয়েছিলেন। তাঁরা বলতেন, পশ্চিমের শিল্পকলা যান্ত্রিক, ভারতের শিল্পকলা আধ্যাত্মিক। কিন্তু সুলতান এখানে অবনীন্দ্রনাথদের থেকে পৃথকভাবে চিন্তা করে দেখলেন, আধ্যাত্মিকতা শহরের জিনিস। কিন্তু বাংলাদেশের গ্রামের মানুষ প্রচণ্ড পরিশ্রমী। তাই এখানকার কৃষিভিত্তিক সমাজের শিল্পের ভিত্তি হতে হবে কৃষিজীবী মানুষের শ্রম। স্বাভাবিকভাবেই সুলতানের ছবিতে কৃষকের শক্তি ও সংগ্রাম অনেক গুরুত্বপূর্ণ। সুলতান কেবল অতীত ঐতিহ্যে ফেরত যেতে চাননি, নতুন ঐতিহ্য নির্মাণও করতে চেয়েছেন।
চার দিনের এ আয়োজনে বাংলাদেশ, ভারত ও কোরিয়ার ৫২ জন শিল্পী অংশ নিয়েছিলেন। উদ্যোক্তারা জানিয়েছেন, পরেরবার আরও বড় পরিসরে আয়োজনটি করার ইচ্ছা তাঁদের।