শেষ হলো নজরুল জন্মবার্ষিকীর অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘কবি কাজী নজরুল ইসলাম সমাজের অন্যায়, অত্যাচার ও অসাম্যের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। তিনি নারীর অধিকার প্রতিষ্ঠায় ছিলেন সোচ্চার।’ শিক্ষামন্ত্রী গতকাল শুক্রবার ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১২তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতিবিজড়িত নজরুল একাডেমীর মাঠে নজরুল মঞ্চে জাতীয় পর্যায়ে তিন দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। শিক্ষামন্ত্রী স্থানীয় দাবির পরিপ্রেক্ষিতে বলেন, কবি নজরুলের স্মৃতিবিজড়িত নজরুল একাডেমীকে মডেল স্কুলে রূপান্তর করা হবে। এখানে আরও একটি তিনতলা ভবন নির্মাণের ঘোষণা দেন তিনি। ময়মনসিংহ সদরের সাংসদ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সাংসদ রেজা আলী, সাংসদ কে এম খালিদ, সাংসদ ক্যাপ্টেন (অব.) গিয়াস উদ্দিন আহমেদ, মোসলেম উদ্দিন, সাবেক সাংসদ আবদুল মতিন সরকার ও জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া। এদিকে সমাপনী দিনে সকাল ১০টায় কবির স্মৃতিবিজড়িত ত্রিশাল নামাপাড়া বিচ্যুতিয়া ব্যাপারীর বাড়ি প্রাঙ্গণে নজরুল জাদুঘরে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ রেজা আলী। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুল আলম তালুকদার, নজরুল বিশ্ববিদ্যালয় জমিদাতা সমিতির সভাপতি আলতাব হোসেন প্রমুখ।সমাপনী দিনে গতকাল তিনজন গুণী ব্যক্তিত্বকে নজরুল বিশ্ববিদ্যালয় সম্মাননা ২০১১ দেওয়া হয়। তাঁরা হলেন—সংগীতে ফিরোজা বেগম, নজরুল গবেষণায় আসাদুল হক এবং নজরুল গবেষণার কাজে অবদানের জন্য ভারতের আলীগড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিমির বরণ চক্রবর্তী।অসুস্থতার কারণে ফিরোজা বেগম এবং বিশেষ কারণে অধ্যাপক তিমির বরণ চক্রবর্তী অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।