শেষ হলো নটর ডেম ডিবেটিং ক্লাবের বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ঐতিহ্যবাহী বিতর্ক সংগঠন নটর ডেম ডিবেটিং ক্লাবের (এনডিডিসি) বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা এনডিডিসি ন্যাশনাল শেষ হয়েছে। চারটি ধাপে অনুষ্ঠিত প্রতিযোগিতা থেকে বাছাই করা দল নিয়ে শনিবার ছিল চূড়ান্ত পর্ব।
বিতর্ক অনুষ্ঠান শেষে শনিবার রাতে কলেজ মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। একই সঙ্গে ক্লাবের বার্ষিক ম্যাগাজিন দ্বৈরথ-এর মোড়ক উন্মোচন করা হয়।
২১ জানুয়ারি শুরু হওয়া এনডিডিসি ২৮তম জাতীয় বিতর্ক উৎসবে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৩টি বিতর্ক ক্লাব অংশ নেয়। এ ছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট থেকে একটি করে ক্লাব অংশ নিয়েছে।
ক্লাব পর্যায়ে (বাংলা) চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রুপ অব ডিবেটারস, রানারআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জেইউডিএস)। স্কুল পর্যায়ে সেন্ট গ্রেগরি স্কুলের জেডিসি জেরাল্ড চ্যাম্পিয়ন এবং আইডিয়াল স্কুলের আইডিসি ওয়ান রানারআপ হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও এবং এনডিডিসির ক্লাব মডারেটর শহিদুল হাসান পাঠান।
এনডিডিসির বার্ষিক মুখপত্র দ্বৈরথ প্রতিবছরই প্রকাশিত হয়, যাতে দেশের প্রথিতযশা লেখকদের লেখা থাকে। এবারের দ্বৈরথ সম্পাদনা করেন এনডিডিসির প্রেসিডেন্ট (প্রচার ও প্রকাশনা) সালেহ মোহাম্মদ।