উত্তরের জনপদ তেঁতুলিয়ায় সমাবেশের মধ্য দিয়ে গতকাল শুক্রবার শেষ হয়েছে টানা তিন দিনের নারী জাগরণ যাত্রা। তৃণমূল পর্যায়ে নারীমুক্তির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ৩ মার্চ রাজধানীর মুক্তাঙ্গনে উদ্বোধন হয় এ যাত্রার। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) আন্তর্জাতিক নারী দিবস পালনের শতবর্ষ উদ্যাপন কমিটির উদ্যোগে এ যাত্রা শুরু হয়। এ যাত্রায় ২০ সদস্যবিশিষ্ট একটি নারী দল ও উদীচীর একটি সাংস্কৃতিক স্কোয়াড ঢাকা থেকে তেঁতুলিয়া যাত্রাপথে নারীমুক্তি বিষয়ে তৃণমূল পর্যায়ে প্রচারণা চালায়। এই দলের সদস্যরা গতকাল ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে সভা শেষ করেন। এ দলের সদস্য জলি তালুকদার গতকাল সন্ধ্যায় বলেন, ঢাকার বাইরে এ ধরনের অনুষ্ঠানে এত বিপুলসংখ্যক নারী অংশগ্রহণ করবে, তা কল্পনাতেও ছিল না। এ ছাড়া পুরুষের সহযোগিতা এবং অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো।বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিপিবি এ ধরনের আরও তিনটি যাত্রার আয়োজন করবে। বেসরকারি প্রতিষ্ঠান নারীগ্রন্থ প্রবর্তনা, উবিনীগ ও অধিকার ‘নারীর সংগ্রাম ও আন্দোলনের ১০০ বছর উদ্যাপন’ উপলক্ষে আজ থেকে ৮ মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করবে। আজ শনিবার মোহাম্মদপুরের (মিরপুর রোড) নারীগ্রন্থ প্রবর্তনার সামনে বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত কালো কাপড় পরে নারীরা প্রতিবাদ অনুষ্ঠানে অংশ নেবেন। কাল রোববার জাতীয় প্রেসক্লাবে বেলা তিনটায় নারীর আদালত বসবে। পুরুষের সক্রিয় অংশগ্রহণে ২০০২ সালে প্রথম অনুষ্ঠিত হয় এসিড সহিংসতাবিরোধী শোভাযাত্রা। বিগত কয়েক বছর ধরেই পুরুষদের অঙ্গীকার নিয়ে আয়োজিত সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সর্বমহলে সাড়া ফেলেছে। এবারও আন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষ পালন উপলক্ষে কাল রোববার এসিড সারভাইভারস ফাউন্ডেশন ও প্রথম আলোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে পুরুষ সমাবেশ। কাল বেলা সাড়ে তিনটায় ধানমন্ডির রবীন্দ্রসরোবরের মুক্তমঞ্চে এসিড-সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলবেন পুরুষেরা।