শেষ হলো নিরিখ সাহিত্য সম্মেলন
‘বাংলার সাহিত্য বাঙালির সাহিত্য’ প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত শুক্রবার শেষ হয়েছে দুই দিনব্যাপী নিরিখ সাহিত্য সম্মেলন। সম্মেলনের দুই দিনে ১৩টি অধিবেশনে প্রায় ৪৭টি প্রবন্ধ উপস্থাপিত হয়। বাংলাদেশ ও ভারত থেকে শতাধিক কবি-সাহিত্যিক, ভাষাবিদ ও গবেষক এ সম্মেলনে অংশ নেন।
শুক্রবার সকাল নয়টায় অধ্যাপক খালেদ হোসাইনের সভাপতিত্বে ‘কথাসাহিত্য-২’ অধিবেশনের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের অনুষ্ঠান। এ অধিবেশনে পাঁচটি প্রবন্ধ উপস্থাপিত হয়। সকাল ১০টায় অনুষ্ঠিত হয় গান ও নৃত্য নিয়ে অধিবেশন। এতে নাসির আহমেদের সভাপতিত্বে উত্থাপিত হয় তিনটি প্রবন্ধ। তৃতীয় অধিবেশনে মামুন হুসাইনের সভাপতিত্বে ‘ঈশানকোণ’ শীর্ষক সভায় পঠিত হয় পাঁচটি প্রবন্ধ। ‘উত্তরাধুনিকতা’ শীর্ষক অধিবেশনে সভাপতিত্ব করেন অধ্যাপক সনৎকুমার সাহা এবং প্রবন্ধ উপস্থাপন করেন আবদুল্লাহ আল মামুন ও মামুনুর রশীদ। ‘নারী’ বিষয়ক অধিবেশনে সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। সেখানে উপস্থাপিত হয় চারটি প্রবন্ধ। দিনের শেষ অধিবেশন অনুষ্ঠিত হয় ‘ক্ষমতা ও রাজনীতি’ নিয়ে। সব কটি অধিবেশন হয় শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে।