শেষ হলো প্রথম আলো-আইডিসি ৭ম জাতীয় বিতর্ক প্রতিযোগিতা
ওরা স্বপ্নবাজ তরুণ-তরুণী, স্বপ্ন দেখে দারিদ্র্যমুক্ত দেশ গড়ার। এই স্বপ্ন নিয়ে তিন দিন ধরে নিজেদের মধ্যে চলেছে তর্ক-বিতর্ক। দারিদ্র্যকে জাদুঘরে পাঠানোর স্বপ্ন নিয়ে গতকাল শুক্রবার শেষ হলো স্বপ্নবাজ তরুণদের প্রথম আলো-আইডিসি সপ্তম জাতীয় বিতর্ক প্রতিযোগিতা।প্রথম আলো ও আইডিয়াল স্কুল ডিবেটিং ক্লাব (আইডিসি) সপ্তমবারের মতো ওই প্রতিযোগিতার আয়োজন করে। গতকাল সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এবারের প্রতিযোগিতার স্লোগান ছিল ‘স্বপ্নবাজ তরুণ, সাবলীল অর্থনীতি এবং জাদুঘরের দারিদ্র্য’। তরুণ এই স্বপ্নবাজ বিতার্কিকেরাই দেশের দায়িত্ব নিয়ে দারিদ্র্যকে জাদুঘরে পাঠাতে পারবে, এমন আশাবাদ ব্যক্ত করলেন সমাপনী অনুষ্ঠানে আসা অতিথিরা।এবারের প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল-কলেজ থেকে কলেজ বিভাগে ২৪টি, স্কুল বিভাগে ৩২টি ও শিশু বিভাগে ১৬টি দল অংশ নেয়। এর মধ্যে সংসদীয় বিতর্কে কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে নটর ডেম কলেজ। ‘ভবিষ্যতে স্থলসীমানার চেয়ে নৌসীমানা অধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে’ এই প্রস্তাবনায় নটর ডেম কলেজ (গোল্ড) ছিল সরকারি দল। বিরোধী দলে থেকে রানার্সআপ হয়েছে ঢাকা কলেজ ডিবেটিং ক্লাব (আরএনএ)। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছে নটর ডেম কলেজের তানজিম মাহমুদ।স্কুল ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে মতিঝিল সরকারি বালক বিদ্যালয় (অরিন্দম)। রানার্সআপ হয়েছে আইডিয়াল স্কুলের বিতার্কিক দল আইডিসি-৩। এই বিভাগে সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে মতিঝিল সরকারি বালক বিদ্যালয়ের ছাত্র এইচ এম সাবির নূর। শিশু বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে আইডিয়াল স্কুলের বিতার্কিক দল আইডিসি-১। এই বিভাগে রানার্সআপ হয়েছে ওয়াইডব্লিউসিএ স্কুলের বিতার্কিক দল নিসর্গ। সেরা বক্তা হয়েছে আইডিয়াল ডিবেটিং ক্লাবের জাওয়াদ কামরান। কলেজ বারোয়ারি বিতর্কে প্রথম হয়েছে ঢাকা কলেজের বিতার্কিক নাহিয়ান বিন খালেদ। সেন্ট যোসেফের সাকিব বিন রশিদ দ্বিতীয় ও নটর ডেম কলেজের সুজ্জাতুল ইসলাম তৃতীয় স্থান দখল করেছে।বারোয়ারি বিতর্কে স্কুল পর্যায়ে প্রথম হয়েছে আইডিয়াল স্কুলের ছাত্র আহমাদ রাশীক ফাইয়াজ। এ বিভাগে মতিঝিল সরকারি বালক বিদ্যালয়ের নাফিস ফেরদৌস দ্বিতীয় ও ওয়াইডব্লিউসিএর ছাত্রী প্রমিতা রানী মণ্ডল তৃতীয় হয়েছে। শিশু বারোয়ারি বিতর্কে ওয়াইডব্লিউসিএর ছাত্রী ফারিহা চৌধুরী প্রথম, ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রী সুমাইয়া আহসান দ্বিতীয় ও মতিঝিল সরকারি বালক বিদ্যালয়ের আবুল হাসান তৃতীয় হয়েছে।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক সোহরাব হাসান। তিনি বলেন, ‘যে সমাজ অন্যকে বলতে দেয় না, শুনতে চায় না; সে সমাজে উন্নয়ন হয় না। পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সবখানে আমরা চাই যুক্তিশীল সমাজ।’ তরুণ বিতার্কিকেরা যখন দেশের দায়িত্ব নেবে, তখন এ দেশ থেকে দারিদ্র্য সত্যিকার অর্থেই জাদুঘরে চলে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আইডিয়াল স্কুলের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন বলেন, সবল অর্থনীতি গড়ে দারিদ্র্যকে জাদুঘরে পাঠানোর স্বপ্ন বাস্তবায়ন করতে তরুণদের মধ্য থেকে উদ্যোগ আসতে হবে। তাদেরই পদক্ষেপ নিতে হবে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়াস করিম, শামীম হায়দার তালুকদার, আইডিয়াল ডিবেটিং ক্লাবের মডারেটর আবদুল আজিজ প্রমুখ বক্তব্য দেন। তাঁরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।