শেষ হলো প্রথম আলো-জেডিসি বিতর্ক প্রতিযোগিতা

শেষ হলো প্রথম আলো-জেডিসি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। আজ শনিবার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত হয়।
সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের বিতার্কিকদের সংগঠন যোসেফাইট ডিবেটিং ক্লাব—জেডিসির উদ্যোগে তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতায় তিনটি পর্যায়ে ৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৪টি দল অংশ নেয়।
নবিশ পর্যায়ে চ্যাম্পিয়ন হয় সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের বিতার্কিকদের দল জেডিসি-২। রানার আপ হয়েছে হারমেন মেইনার স্কুলের ইউনোমিয়া। স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে জেডিসি-১ আর রানার আপ সেন্ট গ্রেগরি স্কুলের বিতর্ক দল জিডিসি হোবার্ড। উন্মুক্ত বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বিতর্ক দল আরডিএস-২১, আর রানার আপ হয়েছে নটর ডেম কলেজের বিতর্ক দল এনডিডিসি-১।
সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সেন্ট যোসেফ স্কুলের অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশন বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা পিছিয়ে নেই। বিশ্বের বিভিন্ন জায়গায় তারা ভালো অবস্থান করে নিচ্ছে।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী (কিরণ) বলেন, শুধু জিপিএ-৫ পাওয়াই শিক্ষার্থীদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। বিভিন্ন ক্ষেত্রে তরুণেরা ব্যর্থ হলে রাষ্ট্রও ব্যর্থ হবে। দেশের গণতন্ত্র রক্ষা, জাতীয় সুরক্ষা নিশ্চিত করা সব বিষয় নিয়ে তরুণদের ভাবতে হবে।
প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ূম বলেন, বিতর্ক শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়তা করে। প্রথম আলো প্রতি বছর জেডিসির এই আয়োজনের সঙ্গে থাকে। ভবিষ্যতেও থাকবে। কারণ প্রথম আলো মনে করে একটি পত্রিকা হলেও দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রথম আলোর সামাজিক দায়িত্ব আছে। তিনি বলেন, ঢাকা ও ঢাকার বাইরেও প্রথম আলো অঞ্চলভিত্তিক বিতর্ক আয়োজনে সহযোগিতা করছে।
অন্যদের মধ্যে কনফিডেন্স গ্রুপের মানব সম্পদ বিভাগের প্রধান তারিকুল ইসলাম, জেডিসির চিফ মডারেটর তারেক আজিজ, জেডিসির সভাপতি ফাহিম ফয়সাল প্রমুখ বক্তব্য দেন। অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।