শেষ হলো প্রথম আলো ডেইলি স্টার-রাজউক কলেজ বিতর্ক উৎসব
রাজউক উত্তরা মডেল কলেজে তিন দিনব্যাপী প্রথম আলো-ডেইলি স্টার-রাজউক কলেজ বিতর্ক উৎসব-২০১০ গতকাল শনিবার শেষ হয়েছে। বাংলা মাধ্যমের প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং কলেজ পর্যায়ে ঢাকা কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। রানারআপ হয়েছে স্কুল পর্যায়ে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ এবং কলেজ পর্যায়ে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ।ইংরেজি মাধ্যমে মানারাত ইন্টারন্যাশনাল স্কুল বিজয়ী হয়েছে। রানারআপ হয়েছে মাস্টারমাইন্ড স্কুল। উৎসবের শেষ দিনে গতকাল বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান। অনুষ্ঠানে তিনি বলেন, ‘সত্যের অনুসন্ধান করতে হবে যুক্তি দিয়ে। কারণ যুক্তি কখনো অসত্যের কথা বলে না। সত্য অনুসন্ধান করে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’ রাজউক কলেজকে সরকারের পক্ষ থেকে একখণ্ড জমি দেওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী।স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাঈনুদ্দিন খন্দকার বলেন, যুক্তি দিয়ে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা যায়। এর মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব।প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন বলেন, তর্কের চেয়ে যুক্তি ভালো। আর যুক্তি আসতে হবে ভেতর থেকে। স্কুল-কলেজের শিক্ষার্থীরা যুক্তির মাধ্যমে দেশের সঠিক ইতিহাস জানতে পারে।যুক্তি-তর্কের এই যুদ্ধে বাংলা মাধ্যমে শ্রেষ্ঠ বক্তা হয়েছেন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এনায়েত চৌধুরী ও ঢাকা কলেজের নাহিয়ান বিন খালেদ। ইংরেজি মাধ্যমে শ্রেষ্ঠ বক্তা হয়েছেন মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের সাইয়াৎ মোর্শেদ রাজী।অনুষ্ঠানে রাজউক কলেজের অধ্যক্ষ কর্নেল এ এস এম মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন। বিতর্ক প্রতিযোগিতায় সঞ্চালক ছিলেন কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শারমিন রহমান। ‘যুক্তি হোক মুক্তির সোপান’ স্লোগান নিয়ে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় বাংলা মাধ্যমে ১৯টি স্কুল ও কলেজের ৪৮টি দল অংশ নেয়। ইংরেজি মাধ্যমের ২৪টি বিদ্যালয়ের ৪৮টি দল অংশ নেয়।