শেষ হলো প্রথম দিনের এসএসসি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএসসি পরীক্ষা শেষে মায়ের সঙ্গে বাসায় ফিরছে এক শিক্ষার্থী। ছবিটি আজ রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
এসএসসি পরীক্ষা শেষে মায়ের সঙ্গে বাসায় ফিরছে এক শিক্ষার্থী। ছবিটি আজ রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধের মধ্যে সারা দেশে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা দুপুর ১২টায় শেষ হয়েছে। আজ শুক্রবার পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগের মধ্যে সকাল নয়টায় পরীক্ষা শুরু হয়। এসএসসির বাংলা প্রথম পত্রের পরীক্ষা ছিল আজ। এ উপলক্ষে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।

এর আগে হরতালের কারণে দুই দফা পরীক্ষা পেছানো হয়। এবার সারা দেশে তিন হাজার ১১৬টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। ১০টি শিক্ষা বোর্ডের মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন।
দুপুর ১২টার দিকে মিরপুরের পল্লবীতে অবস্থিত এমডিসি মডেল উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা যায়, পরীক্ষা শেষে শিক্ষার্থীরা কেন্দ্র থেকে বেরিয়ে আসছে। এই কেন্দ্রে আশপাশের পাঁচটি স্কুলের শিক্ষার্থীরা এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য পুরো রাস্তায় পুলিশ মোতায়েন রয়েছে।
এমডিসি মডেল উচ্চবিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থী কুলসুম আক্তার জানায়, আজকের পরীক্ষা ভালো হয়েছে। প্রশ্নপত্রও ভালো ছিল। অনেক দুশ্চিন্তা নিয়ে পরীক্ষা দিতে হয়েছে। তার কথা, ‘পরীক্ষাটা ভালো হলো। আশা করছি, দেশের অবস্থা ভালো থাকলে সামনের পরীক্ষাগুলো ভালোভাবেই দিতে পারব।’
মিরপুর ১০ নম্বরে অবস্থিত আদর্শ উচ্চবিদ্যালয়ের পরীক্ষার্থী দীপু ইসলাম বলে, ‘পরীক্ষা ভালো দিয়েছি। তবে কালকের (শনিবার) পরে ঠিক কোন পরীক্ষা হবে, তা এখনো জানি না।’ হরতাল হবে কি না, তা নিয়ে ভাবতে হচ্ছে বলে জানায় সে।
আবদুল মতিন নামের একজন অভিভাবক বলেন, ‘আমাদের ছেলেমেয়েদের দুশ্চিন্তা কাটানোর জন্য দেশের সাধারণ মানুষকে এক হতে হবে। নইলে ছেলেমেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে না।’
রাজধানীর বিজ্ঞান কলেজসংলগ্ন হাইস্কুল কেন্দ্রে দেখে যায়, পরীক্ষা শেষে দলে দলে শিক্ষার্থীরা কেন্দ্র থেকে বেরিয়ে আসছে। বাইরে দাঁড়িয়ে থাকা অভিভাবকেরা জড়িয়ে ধরছেন।
ওই কেন্দ্রের পরীক্ষার্থী হলিক্রস স্কুলের শিক্ষার্থী কাবেরি হালদারের ভাষ্য, আজকে পরীক্ষা ভালো হয়েছে। আগামীকাল ও পরশু পরীক্ষা থাকায় ইংরেজি প্রথম পত্র পরীক্ষা নিয়ে সে চিন্তিত। আগামী রোববার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা হওয়ার কথা।
পরীক্ষা চলাকালে হরতালসহ পরীক্ষা বাধাগ্রস্ত হয়—এমন কর্মসূচি না দিতে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী এ আহ্বান জানান।

আরও পড়ুন