শেষ হলো ফটো সম্মিলন

ফটোগ্রাফির দেশি-বিদেশি নানা বইপত্রের প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হলো ‘ফটো কংগ্রেগেশন’ শীর্ষক দিনব্যাপী ফটো সম্মিলন। আজ শনিবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এসএস ক্যামেরা অ্যান্ড ফটোগ্রাফির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানের আয়োজন করে ফটোফি একাডেমি অব ফাইন-আর্ট ফটোগ্রাফি।
বই প্রদর্শনী ছাড়াও ফটোগ্রাফি-বিষয়ক আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা করা। আলোচনায় অংশ নেন ফটোসাংবাদিক নাসিরুল ইসলাম ও শুভ্র কান্তি দাশ। এসব আয়োজনে কোনো নিবন্ধন বা ফি ছাড়া বিভিন্ন বয়সের ফটোগ্রাফিপ্রেমীরা অংশ নেন। ফটোফির প্রধান সমন্বয়ক সিরাজুল লিটন জানান, ‘এটি একটি অনিয়মিত আয়োজন। ফটোগ্রাফি বুদ্ধিবৃত্তিক চর্চার প্রসারে আমরা প্রায়ই এমন অনুষ্ঠানের আয়োজন করে থাকি। এ ছাড়াও আমাদের বিভিন্ন উন্নয়নমূলক নিয়মিত কর্মসূচি রয়েছে।’

বিশ্বসাহিত্য কেন্দ্র ভবনের নবম তলায় বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠান চলে। পুরো আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল বার্ণিক।
২০১১ সালে নান্দনিক আলোকচিত্রকলা চর্চার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ফটোফি। সেই লক্ষ্যে বিভিন্ন প্রদর্শনী, আলোচনা, প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে থাকে।