শেষ হলো ফুলকির ৪০ বছর পূর্তি উৎসব

চট্টগ্রামের শিশু শিক্ষাপ্রতিষ্ঠান ফুলকির ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী উৎসব গতকাল শনিবার শেষ হয়েছে। শেষ দিনে শুভানুধ্যায়ী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে সমাবেশ, তথ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল দুপুরে নগরের নন্দন কাননে ফুলকি ভবনের এ কে খান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক তপন জ্যোতি বড়ুয়া, ফুলকির সম্পাদক কবি ও সাংবাদিক আবুল মোমেন, কোষাধ্যক্ষ আনসার আলী কোরাইশী, ফুলকির অধ্যক্ষ শীলা মোমেন।
সমাবেশে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘আমি ফুলকির সঙ্গে ছিলাম, এটা বলতে পারি। বেশি কাজ করতে পেরেছি, তা নয়। তাঁদের (উদ্যোক্তা ও সংগঠক) কিছু পরামর্শ দিয়েছি। যখন ডাক পড়েছে, তখন এসে উপস্থিত হয়েছি। সভাপতির দায়িত্ব শেষ হয়ে যাওয়ার পরও আসি। প্রধানত এই কারণে আসি, এখানে যে ধরনের শিক্ষা দেওয়া হয়, তা আমি নিজেই বিশ্বাস করি। এই রকম উদ্যোগ ছাত্রছাত্রীদের কল্যাণে আসবে, সমাজের কল্যাণে আসবে—এই বিশ্বাসের ওপর আমি দাঁড়িয়ে আছি।’
অধ্যাপক আনিসুজ্জামান আরও বলেন, ‘ফুলকির ৪০ বছরের পথচলায় যাঁদের সহযোগিতা পেয়েছি, আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ। এই বিশ্বাস আরও জোরালো হয়েছে, ভালো কাজ আরম্ভ করলে মানুষের সহযোগিতা ও সমর্থন পাওয়া যায় এবং এই কাজ বৃথা যায় না।’
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গতকাল বিকেলে ডিসি হিলের নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণা করেন। প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রক্তকরবীর ঢাকা ও চট্টগ্রামের শিল্পীরা গান পরিবেশন করেন।