শেষ হলো বাংলাদেশ-মার্কিন যৌথ অনুশীলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামুদ্রিক এলাকার নিরাপত্তা এককভাবে কোনো দেশের পক্ষে মোকাবিলা সম্ভব নয়। তাই বিভিন্ন দেশের নৌবাহিনীর অংশীদারত্বের মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা যেতে পারে। 

আজ মঙ্গলবার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ অনুশীলন কারাটের (কো-অপারেশন অ্যাফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেইনিং) সমাপনী অধিবেশনে বক্তারা এ অভিমত দেন। দুই দেশের নৌবাহিনীর মধ্যে চতুর্থবারের মতো এ অনুশীলন চট্টগ্রামে শেষ হয়েছে।
আজ সকালে বাংলাদেশ নৌবাহিনীর নৌ-ঘাঁটি ঈসা খাঁতে কারাটের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন) রিয়ার অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, সামুদ্রিক নিরাপত্তা এখন আর একদেশকেন্দ্রিক নয় বরং আন্তরাষ্ট্রীয়। কারণ, সামুদ্রিক বাণিজ্যের জাতীয় কোনো সীমারেখা নেই।

এককভাবে কোনো সংস্থা কিংবা দেশের সামুদ্রিক নিরাপত্তা মোকাবিলা করার সামগ্রিক ব্যবস্থা নেই বলে জানান আওরঙ্গজেব চৌধুরী। তিনি বলেন, সন্ত্রাসবাদ দমনের পদক্ষেপের আধুনিকায়ন, কার্যকর আইনি পদক্ষেপ, প্রাকৃতিক দুর্যোগে সহায়তা নিশ্চিতসহ সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন নৌবাহিনীর মধ্যে সহযোগিতা ও অংশীদারত্ব জোরদার দরকার। মার্কিন নৌবাহিনীর মতো পেশাদার বাহিনীর সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা বলেন, কারাটের মূল বিষয় হলো যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের একসঙ্গে কাজ করা। একসঙ্গে প্রশিক্ষণ নেওয়া, অনুশীলন করা, যাতে করে তারা নিজেদের সমুদ্রসীমায় নিজেদের আরও সুরক্ষিত ও কার্যকর করে তুলতে পারে। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বিশ্বের শ্রেষ্ঠ সামুদ্রিকপথকে সুরক্ষিত করতে এবং যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। এ ধরনের অনুশীলন দুই দেশের নৌবাহিনীর একে অন্যকে জানতে, বুঝতে এবং একে অন্যের কাছ থেকে শিক্ষা নিতে সহায়তা করে বলেও মন্তব্য করেন তিনি।

ড্যান মজীনা বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই সামুদ্রিক অংশীদারি বাংলাদেশ নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনীকে ডাকাতির হার ৭০ শতাংশ কমিয়ে বঙ্গোপসাগরকে আরও নিরাপদ করতে সাহায্য করেছে, যা কিনা নৌ-​বিমার হার ৪০ শতাংশ কমিয়ে দিয়েছে। যারা সমুদ্র ব্যবহার করে সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার প্রসার ঘটাতে চায়, মাদক ও মানব পাচার এবং অ​​​স্ত্র পাচার করতে চায়, এবং যারা বাংলাদেশের মৎস্য ও অন্যান্য সামুদ্রিক সম্পদ চুরি করতে চায়, তাদের কাছ থেকে বাংলাদেশের সামুদ্রিকসীমাকে নিরাপদে রাখতে, দুই দেশের অংশীদারত্ব জোরদার এবং বাংলাদেশকে অধিকতর দক্ষ করে তুলতে সাহায্য করেছে।

মার্কিন রাষ্ট্রদূত জানান, আগামী মাসে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে দুই দেশের কর্মকর্তারা আগামী পাঁচ বছরের অনুশীলনের সময়সূচি নির্ধারণের বিষয়ে কথা বলবেন।

সমাপনী অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বিএন ফ্লোটিলার কমোডর কমান্ডিং কমোডর এম খালেদ ইকবাল এবং যুক্তরাষ্ট্রের ডেসট্রয়ার স্কোয়াড্রন-৭-এর কমান্ডার ক্যাপ্টেন ফ্রেড কাছের।