শেষ হলো ভাষা প্রতিযোগ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গতকাল শুক্রবার সন্ধ্যায় একদল ছেলেমেয়ের কণ্ঠে সমস্বরে সুকুমার রায়ের ছড়া শুনে খটকাই লাগল। ভাষা প্রতিযোগের কর্মশালায় অংশ নিতে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে ওরা ৩৫ জন এক হয়েছে দুদিন হলো। অথচ প্রাণবন্ত অংশগ্রহণ দেখে মনে হচ্ছিল, সবাই সবার কত চেনা!
এইচএসবিসি ও প্রথম আলোর আয়োজনে এ বছর ১১তম ভাষা প্রতিযোগের মূল পর্ব গত ৩১ জুলাই শেষ হয়েছে। উৎসবের সহযোগী ছিল গণসাক্ষরতা অভিযান। জাতীয় উৎসবের বিজয়ীদের নিয়েই মোহাম্মদপুরের পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে এই কর্মশালার আয়োজন করা হয়।
পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পড়ুয়া বিভিন্ন স্কুল-কলেজের এই শিক্ষার্থীদের বাংলা ভাষা সম্পর্কে নানা জিজ্ঞাসা ও কৌতূহলের জবাব খুঁজতে কর্মশালায় ছিল অনেকগুলো পর্ব। শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়েছে বাংলা বানান, ভাষার প্রয়োগ-অপপ্রয়োগ, উচ্চারণ, বাংলা কথাসাহিত্যসহ বিভিন্ন বিষয়ে। ২০ আগস্ট সকাল থেকে শুরু হওয়া ৫৪ ঘণ্টার আবাসিক কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশ নেন অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, সৈয়দ আজিজুল হক, সৌরভ সিকদার, সৌমিত্র শেখর, মোহাম্মদ আজম ও কুদরত-ই-হুদা। প্রথম আলোর উপ ফিচার সম্পাদক জাহীদ রেজা নূর এবং যুব কর্মসূচি সমন্বয়কারী মুনির হাসান দুটি পর্ব পরিচালনা করেন। গতকাল সন্ধ্যায় শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে এসেছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। আজ সকালে কথাসাহিত্যিক আনিসুল হক সমাপনী পর্বে অংশ নেবেন। কর্মশালার সমন্বয়ে ছিলেন অধ্যাপক তারিক মনজুর।