শেষ হলো মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দিনব্যাপী মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। তবে এ উপলক্ষে আয়োজিত মেলা চলবে প্রায় এক মাস।
এ বছর শহরের ১১টি ছাড়াও জেলায় মোট ১০৮টি কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হয়। প্রতিটি পূজামণ্ডপ ও আশপাশের এলাকা বর্ণিলভাবে সাজানো হয়। পূজার পাঁচ দিন মাগুরা উৎসবের নগরীতে পরিণত হয়েছিল।
দেশ-বিদেশের কয়েক শ পটুয়া শিল্পী প্রায় এক মাস পরিশ্রম করে নিপুণভাবে তৈরি করে কাত্যায়নী প্রতিমা ও পূজামণ্ডপ এলাকার আনুষঙ্গিক সাজসজ্জা। ঐতিহাসিক ভবন ও মন্দিরের আদলে পূজামণ্ডপ ও প্যান্ডেল তৈরি করা হয়। নজরকাড়া আলোকসজ্জায় দর্শনার্থীরা মুগ্ধ হন।
শহরের নতুন বাজার ছানা বাবুর বটতলার পূজামণ্ডপ ছিল ব্যতিক্রম। শিল্পীরা ছানা বাবুর বটতলাকে ঘিরে হিন্দুধর্মাবলম্বীদের তীর্থস্থান কৈলাস পর্বতের আদলে তৈরি করেন প্যান্ডেল। সঙ্গে ছিল মনোরম আলোকসজ্জা। কৈলাস পর্বতে দেব-দেবী স্থাপন করা হলেও মূলত মণ্ডপের ভেতরে ছিল কাত্যায়নী প্রতিমা। পূজামণ্ডপ এলাকার এক-দুই কিলোমিটারের মধ্যে আলোর পথ তৈরি করা হয়।
কাত্যায়নী পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু বলেন, পাঁচ দিনে পূজায় দেশ-বিদেশের অন্তত ২০ লাখ মানুষের আগমন ঘটে। দর্শনার্থীদের ভিড় সামলাতে হিমশিম খেতে হয়। নবমীতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এই পূজা মানুষের মাঝে সেতুবন্ধ তৈরি করেছে।
হিন্দুধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা হলেও মাগুরায় এর ব্যতিক্রম। মাগুরা জাঁকজমকপূর্ণভাবে উদ্যাপিত হয় কাত্যায়নী পূজা। উপমহাদেশের মধ্যে কেবল মাগুরাতেই এমন বিপুল আয়োজনে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হয়। দুর্গাপূজার ঠিক এক মাস পরে এ পূজা হয়।