শেষ হলো সংশোধনাগার ব্যবস্থাপকদের আঞ্চলিক সম্মেলন
বাংলাদেশ কারা অধিদপ্তর ও আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) যৌথ আয়োজনে চতুর্থ এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সংশোধনাগার ব্যবস্থাপকদের (কারেকশনাল ম্যানেজার) তিন দিনের আঞ্চলিক সম্মেলন আজ বৃহস্পতিবার শেষ হয়েছে। গত মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এ সম্মেলন শুরু হয়। এতে বাংলাদেশসহ বিশ্বের ১৪টি দেশের ২৮ জন সংশোধনাগার ব্যবস্থাপক অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী। এ সময় আইসিআরসির হেড অব ডেলিগেশন ইখতিয়ার আসলানভ ও কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন উপস্থিত ছিলেন। দেশে এবারই প্রথম কারা অধিদপ্তর ও আইসিআরসি যৌথভাবে এ ধরনের আঞ্চলিক সম্মেলনের আয়োজন করে।
প্রধান অতিথি এইচ টি ইমাম বলেন, আইসিআরসির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেক পুরোনো। এ ধরনের আয়োজনের কারণে সবাই উপকৃত হবে। দেশে এ ধরনের সম্মেলন আয়োজন করায় তিনি কারা মহাপরিদর্শক ও আইসিআরসিকে ধন্যবাদ জানান।
স্বরাষ্ট্রসচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, কারাগারগুলোতে উন্নয়নের অনেক জায়গা রয়েছে। সেসব জায়গা এখানে উঠে এসেছে। কর্মসংস্থান, কারাগার সজ্জাসহ অনেক বিষয়ে কাজ করার ধারণা পাওয়া গেছে এ সম্মেলন থেকে।
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন বলেন, ‘আশা করি, অংশগ্রহণকারীরা প্রতিবেশী দেশের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ থেকে শিখবে। আমরা নিজেরাও এই আয়োজন থেকে অনেক বেশি উপকৃত হয়েছি। আশা করছি, এসব ধারণা কাজে রূপান্তর করা সম্ভব হবে।’
পরে প্রধান অতিথি এইচ টি ইমাম অনুষ্ঠানে অংশ নেওয়া বিশ্বের ১৪টি দেশের প্রতিনিধিদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।
সম্মেলনে অংশগ্রহণকারীরা বিভিন্ন কেস স্টাডি ব্যবহার করে তাঁদের অভিজ্ঞতা বিনিময় করেন। কারাগার বা বন্দিশালাগুলো তৈরি, নকশা প্রণয়ন, পরিকল্পনা এবং পরিচালনার সময় নিরাপত্তা ও মানবিক অবস্থার মধ্যে ভারসাম্য বজায় রাখা নিয়েও আলোচনা করা হয়। সম্মেলন শেষে প্রধান ও বিশেষ অতিথি আইসিআরসির বিভিন্ন সংশোধনাগারের তোলা ছবির প্রদর্শনী ঘুরে দেখেন।
সম্মেলনে অংশ নেওয়া অন্যান্য দেশ হচ্ছে কম্বোডিয়া, চীন, ফিজি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভানুয়াতু।