শেষ হলো স্বাধীনতা উৎসব ও বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক ও সাংস্কৃতিক কাজে বন্ধুসভার সদস্যরা আরও এগিয়ে আসবেন—এ প্রত্যাশা নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম আলো বন্ধুসভা আয়োজিত তিন দিনের স্বাধীনতা উৎসব ও বইমেলা শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার। শেষ দিনেও উপচে পড়া ভিড় ছিল বইমেলায়। জমজমাট ছিল সাংস্কৃতিক আয়োজন।
গতকাল বেলা ১১টায় বুদ্ধিজীবী চত্বরে সমাপনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ারুল আজিম আরিফ।
বন্ধুসভার সভাপতি এবং ফলিত ও পরিবেশ রসায়ন বিভাগের শিক্ষক সুমন গাঙ্গুলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন সেকান্দার চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি বেণু কুমার দে, পরিসংখ্যান বিভাগের শিক্ষক এ এইচ এম রাকিবুল মাওলা ও বন্ধুসভার সাধারণ সম্পাদক কৌশিক দত্ত। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বন্ধুসভার দুই সদস্য রাজীব কুমার বিশ্বাস ও মৌসুমী আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘প্রথম আলো বন্ধুসভার এমন আয়োজন উৎসাহ জাগায়। আশা করি, ভবিষ্যতেও নানা সামাজিক কাজে তারা এগিয়ে আসবে। অন্য শিক্ষার্থীরাও একইভাবে সৃজনশীল কাজে যুক্ত হবে।’
আলোচনা সভা শেষে বন্ধুসভার সদস্য সুস্মিতা বড়ুয়ার মায়ের চিকিৎসার জন্য বন্ধুদের দেওয়া আর্থিক সহায়তা পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
বিকেল সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে রম্য বিতর্কে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এরপর নাচ ও গান পরিবেশন করেন বন্ধুসভার সদস্যরা।
সন্ধ্যায় প্রদর্শন করা হয় মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র বিষকাটা। উৎসবের শেষ আয়োজন সংগীতসন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও বন্ধুসভার সদস্যরা অংশ নেন।