শেষ হলো হজ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত চার দিনের হজ মেলা আজ সোমবার শেষ হয়েছে। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) নেতারা জানিয়েছেন, শেষ দিন বাদ দিলে সার্বিকভাবে মেলা জমে উঠেছিল।

২ জানুয়ারি এই মেলা শুরু হয়। আজ মেলা শেষে হাবের সভাপতি ইব্রাহিম বাহার প্রথম আলোকে বলেন, ‘২০১৪ সালের হজ ব্যবস্থাপনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ২০১৫ সালের হজ প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু হজে যেতে ইচ্ছুক মানুষেরা এখনো সেভাবে প্রস্তুতি নেননি। আর সে কারণেই হজ এজেন্সিগুলোর সঙ্গে হজে যেতে ইচ্ছুকদের সেতুবন্ধন রচনা করতেই এই মেলা। ৫ জানুয়ারি অস্থিরতার কারণে মেলায় লোকসমাগম কম হয়েছিল। কিন্তু সার্বিকভাবে মেলা সফল। প্রায় চার হাজার মানুষ এই মেলায় নিবন্ধন করেছেন। আর হজের বিষয়ে খোঁজখবর নিয়েছেন এর কয়েক গুণ বেশি মানুষ।’
চার দিনের এই মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হজের বিভিন্ন ধরনের প্যাকেজের বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছে। মেলায় প্রথম আলোরও একটি স্টল ছিল। সেখান থেকে বিনা মূল্যে হজ গাইড দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের ২২ সেপ্টেম্বর পবিত্র হজ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০১৫ সালে বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন হজযাত্রী প্রেরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ বছর বেসরকারি ব্যবস্থাপনায় হজে সর্বনিম্ন খরচ হবে ২ লাখ ৯৬ হাজার ২০৬ টাকা। গত ১৫ ডিসেম্বর থেকে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের নাম নিবন্ধন শুরু হয়েছে। ৫ ফেব্রুয়ারি নিবন্ধনের শেষ তারিখ।