শেষ হলো হজ মেলা
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে অনুষ্ঠিত চার দিনের হজ ও ওমরাহ মেলা গতকাল সোমবার শেষ হয়েছে। এই মেলার আয়োজক হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) নেতারা জানিয়েছেন, গতকাল শেষ দিন বাদ দিলে সার্বিকভাবে মেলা জমে উঠেছিল।
২ জানুয়ারি এই মেলা শুরু হয়েছিল। গতকাল মেলা শেষে হাবের সভাপতি ইব্রাহিম বাহার প্রথম আলোকে বলেন, ‘২০১৪ সালের হজ ব্যবস্থাপনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ২০১৫ সালের হজ-প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু পবিত্র হজে যেতে ইচ্ছুক ব্যক্তিরা এখনো সেভাবে প্রস্তুতি নেননি। আর সে কারণেই হজ এজেন্সিগুলোর সঙ্গে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের সেতুবন্ধ রচনা করতেই এই মেলা। অস্থিরতার কারণে গতকাল মেলায় লোকসমাগম কম হয়েছিল। কিন্তু সার্বিকভাবে মেলা সফল। প্রায় চার হাজার লোক এই মেলায় নিবন্ধন করেছেন। আর হজের বিষয়ে খোঁজখবর নিয়েছেন এর কয়েক গুণ বেশি মানুষ।’
চার দিনের এই মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হজের বিভিন্ন ধরনের প্যাকেজের বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছে। মেলায় প্রথম আলোরও একটি স্টল ছিল এবং সেখান থেকে বিনা মূল্যে হজ গাইড দেওয়া হয়েছে।
এবার বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন হজযাত্রী পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।