বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপচে পড়া ভিড়। আমন্ত্রণপত্র হাতে ভেতরে প্রবেশের অপেক্ষায় সারি করে দাঁড়িয়ে ছিলেন অনেকেই। নিরাপত্তাব্যবস্থা পেরিয়ে সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে প্রবেশ করতেই যেন স্বস্তি। দিনভর তপ্ত রোদে পুড়ে শেষ বিকেলে গানে গানে মাতোয়ারা হওয়ার সুযোগে অন্য রকম এক সন্ধ্যা পার করল উপস্থিতজনেরা।গতকাল বুধবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছিল ব্ল্যাক হর্স আরটিভি গোল্ডেন কি (সোনার চাবি) ‘এবার তোমরা গাও’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির সংগীতবিষয়ক এই রিয়েলিটি প্রতিযোগিতা গত বছরের ৯ অক্টোবর শুরু হয়। এটি তথাকথিত তৃণমূল পর্যায়ের শিল্পীদের প্রতিযোগিতা ছিল না। যেসব শিল্পীর ইতিমধ্যে দু-একটি গানের অ্যালবাম বের হয়েছে, তাঁদের মধ্য থেকে ৩২ জন প্রতিযোগীকে নির্বাচিত করা হয়। এরপর নানা ধাপে ১০ জন প্রতিযোগী অংশ নেন এই আয়োজনে। ১০ জনের মধ্য থেকে গতকাল চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় অংশ নেন ছয়জন শিল্পী। ছয়জনের ভেতর চারজনকে নির্বাচিত করেন বিচারকেরা। এঁরা হলেন মালিহা তাবাস্সুম, মাহবুবুর রহমান, অনুপমা মুক্তি, মো. সালাউদ্দন খান, শাহনাজ রহমান ও ফারহানা পারভীন।গতকাল চূড়ান্ত পর্বে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ। বক্তব্য দেন আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম, গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যন হারুন অর রশীদ ও আরটিভির প্রধান নির্বাহী ম. হামিদ।চূড়ান্ত পর্বের শুরুতে ‘মাঠের সবুজ থেকে সূর্যের লাল’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন নন্দন কলাকেন্দ্রের শিল্পীরা। ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতার সঙ্গে নৃত্যনাট্যে ছিল খুলনার আব্বাসউদ্দিন একাডেমি। এর পরই অতিথিরা চূড়ান্ত পর্বে অংশ নেওয়া ছয় শিল্পীর হাতে ক্রেস্ট তুলে দেন। এ পর্ব শেষেই ছিল মূল আয়োজন। এতে বিচারক ছিলেন আলম খান, সুজেয় শ্যাম, সুবীর নন্দী ও শাম্মি আকতার।অমলেন্দু বিশ্বাস স্মারক বক্তৃতাকেউ বললেন নিজেদের অসহায়ত্বের কথা। কেউ বললেন দুর্দশার কথা। যাত্রাশিল্পীদের সামজিক মর্যাদাহানি কীভাবে বাড়ছে, সেটিও তুলে ধরলেন অনেকেই। জানা গেল, ১৯৩৭ সালে গোপালগঞ্জের বেলা রানী কতটা বিধিনিষেধ উপেক্ষা করে যাত্রা করতেন।গতকাল বুধবার বিকেলে শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে অনুষ্ঠিত স্মারক বক্তৃতায় এসব কথা উঠে আসে। যাত্রানট অমলেন্দু বিশ্বাস স্মরণে স্মারক বক্তব্য দেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। বক্তব্যের মূল বিষয়বস্তু ছিল যাত্রাশিল্পীদের সামাজিক মর্যাদা। আলোচনায় অংশ নেন ইসরাফিল শাহীন, মিলন কান্তি দে, সুলতান সেলিম ও এম এম মজিদ। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী।মামুনুর রশীদ বলেন, একটা সময় সমাজের সৃষ্টি হতো যাত্রাদলকে নিয়ে। কিন্তু সমাজপতিদের জন্য এই যাত্রাদল হুমকির কারণ হয়ে দাঁড়ায়। এ কারণেই যাত্রা করে ফাতরা লোকে—এমন কথা রটিয়ে দেওয়া হলো। শিক্ষিত মধ্যবিত্তরা যাত্রাশিল্পকে নানা প্রশ্নে বিদ্ধ করল। তবুও গ্রামবাংলায় যাত্রাশিল্প মাথা উঁচু করেই দাঁড়িয়ে ছিল।এ বক্তব্য সমর্থন করে শিল্পী জ্যোৎস্না বিশ্বাস বলেন, আজকে সামাজিক মর্যাদা হারানোর জন্য দায়ী কিছু ভুঁইফোড় যাত্রাদল ও স্থানীয় প্রশাসন। যাত্রাদলে যে নোংরামির অভিযোগ উঠেছে, এ জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে হবে।মিলন কান্তি দে যাত্রাশিল্পের স্বার্থে শিল্পকলা একাডেমীর নেওয়া উদ্যোগের প্রশংসা করে বলেন, আজকে যে সামাজিক মর্যাদার প্রশ্ন উঠেছে, তার জন্য দায়ী রাষ্ট্র ও সমাজ। রাষ্ট্র যাত্রাশিল্পকে দরিদ্র করেছে। রাষ্ট্রের অবহেলার কারণে যাত্রাশিল্প আজ রুগ্ণ শিল্পে রূপ নিয়েছে।স্মারক বক্তৃতার পর সপ্তাহব্যাপী যাত্রাপালা উৎসবের শেষ দিনে মঞ্চস্থ হয় মহীয়সী কৈকেয়ী। ব্রজেন্দ্র কুমার দের এই পালার নির্দেশনা দেন জ্যোৎস্না বিশ্বাস।