শেষ হলো 'ম্যাথ ম্যানিয়া'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাথ ম্যানিয়ার ১৩টি আয়োজনের বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। ছবি: প্রথম আলো
ম্যাথ ম্যানিয়ার ১৩টি আয়োজনের বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। ছবি: প্রথম আলো

অরনী বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী অরিত্র সাহা প্রাইমারি গণিত অলিম্পিয়াডে বিজয়ী হয়ে যত না খুশি হয়েছে, তার চেয়ে বেশি খুশি হয়েছে যখন সে জেনেছে এই ফল তাকে ২০১৮ সালের জাতীয় গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে। জোসেফাইট গণিত ক্লাবের উদ্যোগে আয়োজিত মার্কেন্টাইল ব্যাংক-প্রথম আলো ‘ম্যাথ ম্যানিয়া ২০১৭’-এর গণিত অলিম্পিয়াডের বিজয়ীদের জন্য এ চমক ঘোষণা করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।

রাজধানী ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে দুই দিনব্যাপী ম্যাথ ম্যানিয়ার ১৩টি আয়োজনের বিজয়ীদের পুরস্কার প্রদানের মাধ্যমে আজ রোববার শেষ হয়েছে এ উৎসব। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ও সাধারণ সম্পাদক মুনির হাসান। সভাপতিত্ব করেন ওই স্কুলের অধ্যক্ষ ব্রাদার রবি থিউডোর পিউরিফিকেশন সিএসসি। অতিথিরা অংশগ্রহণকারীদের বিশ্বলড়াইয়ে ভালো করার জন্য গণিত ও বিজ্ঞানচর্চার ওপর জোর দিতে আহ্বান জানান।

অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, দেশের উন্নয়নে বিজ্ঞানের অবদান অপরিসীম। আর বিজ্ঞানের উন্নতির জন্য দরকার গণিতের দক্ষতা। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের গাণিতিক উৎকর্ষ সাধনে সহায়তা করে। তাই এ রকম আয়োজনের সংখ্যা বাড়ানো দরকার।

উল্লেখ্য, ৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই হাজার শিক্ষার্থী গণিত অলিম্পিয়াড, আইটি কুইজ, সুডোকু, রুবিক কিউব, ট্রেজার হান্ট, প্রোগ্রামিং কনটেস্টসহ মোট ১৩টি বিষয়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১০৩ জন পুরস্কৃত হয়। মার্কেন্টাইল ব্যাংক ও প্রথম আলোর পৃষ্ঠপোষকতায় এই উৎসবের আয়োজন করা হয়।