শেষ হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাতিয়া নদীর কোল ঘেঁষে অবস্থিত চাঁদপুর প্রেসক্লাব। সকাল থেকেই সেদিন মুষলধারে বৃষ্টি ঝরছে। সকাল সাড়ে আটটায় রেজিস্ট্রেশন হওয়ার কথা। সোয়া আটটার মধ্যে বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা এসে হাজির। মঞ্চের সামনে একটি টেবিলে মাত্র তিনজন শিক্ষার্থী বসা। টেবিলের ওপরে রাখা ফলকে ছোট্ট করে লেখা ‘মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়’।
তিনজন বৃষ্টিতে ভিজে এসেছে। তোমরা কয়জন এসেছ, জানতে চাইলে বলল, আমরা এই তিনজন এসেছি। তিনজন এলে তো সেরা স্কুল হতে পারবে না। পরবর্তী রাউন্ডে যেতে হলে গ্রুপে কমপক্ষে পাঁচজন থাকতে হবে। এ কথা শুনেই ওদের চোখে জল টলমল করতে লাগল। রাইহানা তাসনিম, মিনছা মেহজাবিন ও সুস্মিতা পোদ্দার সমস্বরে বলল, বৃষ্টির কারণে অনেকেই আসতে পারেনি, এখন কী করা যায়? ওদের মধ্য থেকে কেউ একজন বলে উঠল, ‘আমাদের কাছে তো ফোন নেই, আপনার ফোন দিয়ে একটু কথা বলা যাবে?’ আমার ফোন বের করে দিলাম ওদের কাছে। কয়েকজনকে ফোন করল ওরা। একটু পরে এসে দেখি, অষ্টম শ্রেণির তাজনূর ভূইয়া, নবম শ্রেণির তাবাচ্ছুম জান্নাতুলসহ আরও তিন-চারজন এসেছে। এখন ওদের মুখে হাসির ঝিলিক। শেষ হাসিটাও হাসল এরা। অনুষ্ঠান শেষে এরাই হলো চাঁদপুরের সেরা স্কুল।