শেষ হাসি কার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনসংযোগে ব্যস্ত আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী l প্রথম আলো
জনসংযোগে ব্যস্ত আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী l প্রথম আলো

নোয়াখালীর কবিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত। এই পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী জহিরুল হক। তিনি বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান। তিনি পৌর বিএনপির সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের জন্য এই নির্বাচন সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার অন্যদিকে বিএনপি চায় হারানো গৌরব ফিরে পেতে।
১৯৯৭ সালের ডিসেম্বর মাসে কবিরহাট পৌরসভা গঠনের পর এ পর্যন্ত অনুষ্ঠিত চারটি নির্বাচনে (একবার উপনির্বাচন) তিনবার আওয়ামী লীগ এবং একবার বিএনপির প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন। সর্বশেষ নির্বাচনে জয়ী হওয়া জহিরুল হক নোয়াখালী-৪ আসনের সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর ভাগনে।
কবিরহাট বাজারসহ আশপাশের প্রতিটি সড়কে, মোড়ে ঝুলছে মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের পোস্টার। রাস্তার মোড়ের চায়ের দোকানের আড্ডাতেও পৌর নির্বাচন নিয়ে দিনভর চলে তর্ক-বিতর্ক।

প্রচারপত্র বিলি করছেন বিএনপির মেয়র পদপ্রার্থী l প্রথম আলো
প্রচারপত্র বিলি করছেন বিএনপির মেয়র পদপ্রার্থী l প্রথম আলো


বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত প্রচার-প্রচারণায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিংবা সরকারি দলের নেতা-কর্মীদের কাছ থেকে কোনো ধরনের বাধার সম্মুখীন হননি তিনি। তারপরও নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়া নিয়ে তাঁর মনে শঙ্কা রয়েছে। এর কারণ হিসেবে তিনি বলছেন, দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনের নামে গত কয়েক মাসে যা হয়েছে, সে কারণেই আস্থা পাচ্ছেন না তিনি। তবু আশা করছেন শেষ পর্যন্ত নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে।
উপজেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বলেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ। তবে ভোটের দিন পর্যন্ত পরিবেশ এ রকম থাকবে কি না, সেটিই দেখার বিষয়। সুষ্ঠু পরিবেশে নির্বাচন হলে দলের প্রার্থীর জয়লাভের সম্ভাবনাও উজ্জ্বল বলে মন্তব্য করেন তিনি।
তবে বিএনপির প্রার্থী ও দলীয় নেতার সংশয়কে অমূলক বলছেন আওয়ামী লীগের প্রার্থী জহিরুল হক। তিনি বলেন, এত দিন কবিরহাটে যে পরিবেশ ছিল-নির্বাচনের দিনও সে পরিবেশ থাকবে। ভোটারেরা যদি গত পাঁচ বছরের উন্নয়ন কর্মকাণ্ডের বিচার করেন তাহলে তিনি জিতবেন।
নির্বাচনে মেয়র পদে দুজন, সংরক্ষিত নারী ওয়ার্ডে ১০ জন এবং সাধারণ ওয়ার্ডে ৩০ জন প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০ মার্চ কবিরহাট পৌরসভার নির্বাচন হবে।
রিটার্নিং কর্মকর্তা ও জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।