পাহাড়ি পাঁচটি জনগোষ্ঠীর শিশুদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষাদান প্রক্রিয়া চলতি বছর থেকে চালু করা অনিশ্চিত হয়ে পড়েছে। এসব পাঠ্যবইয়ের পাণ্ডুলিপি তৈরির কাজ শেষ না হওয়া ও বরাদ্দকৃত বাজেট না পাওয়ায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) পাহাড়ি ভাষার পাঠ্যবইয়ের ছাপার কাজ এখনো শুরু করতে পারেনি। এনসিটিবির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
নাম প্রকাশের শর্তে এনসিটিবির এক কর্মকর্তা বলেন, পাহাড়ি পাঁচটি জনগোষ্ঠীর মাতৃভাষার পাঠ্যবই ছাপার জন্য এনসিটিবি থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ২০১৪ সালে এক কোটি টাকা বাজেট চাওয়া হয়েছিল। গত বছর বাজেট অনুমোদন হলেও এখনো পর্যন্ত বরাদ্দকৃত টাকা পাওয়া যায়নি। এ জন্য পাঠ্যবইয়ের পাণ্ডুলিপি তৈরি ও ছাপার কাজ শুরু করা সম্ভব হচ্ছে না।
এনসিটিবি সূত্র জানায়, চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও সাঁওতাল জনগোষ্ঠীর শিশুদের জন্য নিজ মাতৃভাষায় প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষাক্রম চালু করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উদ্যোগ নেয়। এ জন্য প্রাথমিক পর্যায়ে এনসিটিবি পাঁচটি ভাষায় শিশু শ্রেণির পাঠ্যবই প্রণয়নের কাজ শুরু করে।
মারমা ভাষায় পাণ্ডুলিপি তৈরির কাজে যুক্ত গবেষক জলিমং মারমা প্রথম আলোকে বলেন, পাঁচটি ভাষার বিশেষজ্ঞরা গত বছর তিন দফায় দুই সপ্তাহ ধরে এনসিটিবিতে পাঠ্যবই প্রণয়ন ও শিক্ষা উপকরণ তৈরির কাজ করেন। ২০১৬ শিক্ষাবর্ষ থেকে পাঁচ জনগোষ্ঠীর শিশুদের নিজ মাতৃভাষায় শিক্ষা দেওয়ার ব্যবস্থা করার কথা ছিল।
জানতে চাইলে এনসিটিবির সদস্য (প্রাথমিক শিক্ষা পাঠক্রম) অধ্যাপক আবদুল মান্নান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, চলতি বছর থেকেই পাহাড়ি পাঁচটি জনগোষ্ঠীর শিশুদের নিজ মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা প্রদান প্রক্রিয়া শুরু করার চেষ্টা চলছে। কিন্তু বাজেট না পাওয়ায় পাণ্ডুলিপির কাজ এখনো শেষ করা যায়নি। কিছুদিনের মধ্যে বাজেট পাওয়া গেলে পাঠ্যবইয়ের কাজ শেষ করা হবে। পাঠ্যবইয়ের কাজ চূড়ান্ত হয়ে গেলে শিক্ষা উপকরণ সংগ্রহ, শিক্ষক প্রশিক্ষণসহ অন্য কাজগুলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে করা হবে।