শেষ হয়ে গেল প্রাণের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালের রোদে ঝলমল করছে পুরো এলাকা। রংবেরঙের প্ল্যাকার্ড, ফেস্টুন, বেলুন দোল খাচ্ছে শীতের হাওয়ায়। বিদ্যালয়মুখী পথে অভ্যাগতদের স্বাগত জানাচ্ছে বিশাল বিশাল তোরণ। শতবর্ষ উৎসব ঘিরে কদিন ধরে সাজ সাজ রব পটুয়াখালীর ঐতিহ্যবাহী লতিফ মিউনিসিপ্যাল সেমিনারি বিদ্যাপীঠে।
দুই দিনব্যাপী উৎসবের গতকাল শুক্রবার ছিল শেষ দিন। উৎসবে যোগ দিতে এসে নবীন-প্রবীণ সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন। কলকাতার বেহালা থেকে উৎসবে যোগ দিতে আসা ১৯৬৫ ব্যাচের শিক্ষার্থী রবীন্দ্র নাথ চন্দ বাদল তাঁর পুরোনো সহপাঠী কামাল হোসেনকে পেয়েই বুকে জড়িয়ে ধরেন প্রায় ১৫ মিনিট। দুজনের চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। এই দৃশ্য দেখে দূরে দাঁড়িয়ে থাকা সহপাঠী মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার, মোয়াজ্জেম হোসেন, তপন কুমার কর্মকার এসে বাদলকে জড়িয়ে ধরেন। রবীন্দ্র নাথ চন্দ বাদল বলেন, ‘দীর্ঘদিন ধরে অপেক্ষার প্রহর গুনছিলাম, শতবর্ষ উৎসবে যোগ দেব। আজ সে প্রত্যাশা পূরণ হয়েছে।’
কথা হয় কলকাতার সোদপুর থেকে আসা তিন ভাই ৬৫ ব্যাচের মৃণাল কান্তি মজুমদার, ৬৯ ব্যাচের মৃদুল কান্তি মজুমদার ও ৭২ ব্যাচের মানস কান্তি মজুমদারের সঙ্গে। বিভিন্ন ব্যাচের হলেও এসেছেন একসঙ্গে। এসেই খুঁজতে থাকেন সহপাঠীদের। এ সময় মৃণাল কান্তি মজুমদার বিদ্যালয়ের চারদিকে স্কুলজীবনের স্মৃতি খুঁজে বেড়াচ্ছিলেন। তিনি বলেন, ‘এই বিদ্যালয়ে পড়ে আমি যেটুকু শিখেছি, সেটুকুই আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন।’
৭১ ব্যাচের শিক্ষার্থী বিচারপতি এ এন এম বসির উল্লাহ স্মৃতি থেকে বলেন, ‘স্কুলের ক্যাম্পাসে বর্তমানে যেখানে প্রাথমিক বিদ্যালয় অবস্থিত সেখানে একটি লম্বা টিনের ঘর ছিল। আমাদের সপ্তম শ্রেণির ক্লাস সেই ঘরেই হতো। যত দূর মনে পড়ে আমাদের বাংলা পড়াতেন আনোয়ার মিয়া স্যার। অত্যন্ত কড়া মেজাজের লোক ছিলেন। তাঁর মুখের হাসি একটি বিরল ঘটনা। কিন্তু ছাত্রদের পড়া শেখানোর ব্যাপারে অত্যন্ত আন্তরিক ছিলেন।’
পটুয়াখালী শহরের প্রাণকেন্দ্রে ১৯১৬ সালের ১ জানুয়ারি তৎকালীন মহকুমা ম্যাজিস্ট্রেট ও পটুয়াখালী মিউনিসিপ্যালটির প্রশাসক আবদুল লতিফের উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ৪ দশমিক ৮৮ একর জমির ওপর অবস্থিত বিদ্যালয়টিতে ৭৫০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। এই বিদ্যাপীঠে প্রথম প্রধান শিক্ষক ছিলেন আশুতোষ চক্রবর্তী।