শেষ হয়েছে একাদশ বাংলাদেশ গণিত ক্যাম্প
একাদশ বাংলাদেশ গণিত ক্যাম্প গতকাল মঙ্গলবার সকালে শেষ হয়েছে। ত্রয়োদশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াড থেকে বাছাই করা সেরা ৫০ শিক্ষার্থীকে নিয়ে আয়োজন করা হয় এই ক্যাম্পের। ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতা ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই গণিত ক্যাম্প আয়োজন করে। ঢাকার আদাবরের পদক্ষেপ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অব ম্যানেজমেন্টের ডরমিটরিতে ১৩ মার্চ শুরু হয় এই আবাসিক ক্যাম্প।
সনদ বিতরণ ও সমাপনী পর্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। অনুষ্ঠানে তিনি বলেন, ‘এই গণিত ক্যাম্পে যে বিষয়গুলো তোমাদের পড়ানোর চেষ্টা করা হয়েছে তা তোমরা বাড়ি ফিরে গিয়ে নিয়মিত চর্চা করবে। কারণ, চর্চা ছাড়া কোনো কিছুতেই সফলতা সম্ভব নয়। আর তোমাদের মধ্য থেকে এ বছর যারা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমএ) যাবে—আমার বিশ্বাস, তারা বিগত বছরের চেয়ে আরও ভালো ফলাফল নিয়ে আসবে।’
সমাপনী পর্বে আরও উপস্থিত ছিলেন গণিতবিদ অধ্যাপক লুৎফুজ্জামান, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, একাডেমিক কাউন্সিলর তামিম শাহরিয়ার, সমন্বয়ক বায়েজিদ ভূঁইয়া প্রমুখ।
ক্যাম্পে গণিতের বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। আলোচনা করা হয় আইএমওর গত কয়েক বছরের প্রশ্নপত্র নিয়েও। গাণিতিক মেধা ও যোগ্যতা যাচাইয়ের বিভিন্ন আয়োজনেও অংশ নেয় শিক্ষার্থীরা। এই ক্যাম্পের ফলাফলের ভিত্তিতে এ বছর থাইল্যান্ডে অনুষ্ঠেয় ৫৬তম আইএমওর জন্য বাংলাদেশ গণিত দল নির্বাচন করা হবে।
একাদশ বাংলাদেশ গণিত ক্যাম্পটি পরিচালনা করেন বাংলাদেশ গণিত দলের কোচ মাহাবুব মজুমদার। তাঁকে সহযোগিতা করেন একাডেমিক সমন্বয়ক তুষার চক্রবর্তী, আইএমওতে বাংলাদেশের পক্ষে রৌপ্যপদক বিজয়ী নূর মোহাম্মদ শফিউল্লাহ, একাডেমিক দলের সদস্য মাসুম বিল্লাল, জাহিদুল হাসান ও নাফিস তিহাম।