শেষ হয়েছে পেশা মেলা
শেষ হলো ‘অষ্টম ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার-২০১৩’। গতকাল শনিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘রিক্রিয়েশন সেন্টারে’ অনুষ্ঠিত হয় মেলার সমাপনী অনুষ্ঠান। দুই দিনব্যাপী এ মেলায় জব এবং ক্যারিয়ার-সম্পর্কিত মোট ৫০টি সেমিনার অনুষ্ঠিত হয়। বিশেষজ্ঞ পেশাজীবীরা এতে প্রবন্ধ উপস্থাপন করেন। সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্মাননা দেওয়া হয়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মো. আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য অনুষদের ডিন আবদুল হান্নান চৌধুরী, ক্যারিয়ার ও প্রফেশনাল ডেভেলপমেন্ট সার্ভিসেসের পরিচালক খসরু মিয়া, পেশা মেলার টাইটেল স্পন্সর মুঠোফোন কোম্পানি রবির বিপণন কর্মকর্তা প্রদীপ শ্রীভাস্তাব। আয়োজনের সহযোগী স্পন্সর ছিল প্রথম আলো জবস, স্কয়ার গ্রুপ, এমজিএইচ এবং সুপার স্টার।গতকাল পেশাগত সমস্যা ও পরামর্শের জন্য ‘ক্যারিয়ার ক্লিনিক’ শীর্ষক সেমিনার করে প্রথম আলো জবস। সেমিনারে চাকরিপ্রার্থী ছাড়াও বিভিন্ন পেশার লোকজন তাঁদের পেশাগত সমস্যা তুলে ধরেন এবং পেশা বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেন। সেমিনারে পেশা বিশেষজ্ঞ ছিলেন সিটিসেলের উপমহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম, কাইফানের সিইও আবদুল্লাহ আল মামুন। সেমিনার সঞ্চালনা করেন প্রথম আলো জবসের হেড অব অপারেশন্স হোমায়রা শারমিন। এতে তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার দেওয়া হয়।