সবার মুখে ছোট ছোট দাড়ি। হাঁটাচলায় কিছুটা দুর্বল মনে হলেও চোখে-মুখে নতুন জীবন ফিরে পাওয়ার আনন্দ। রাষ্ট্রায়ত্ত মুঠোফোন কোম্পানি টেলিটকের কারিগরি সহায়তা দেওয়া প্রতিষ্ঠান বি-টেকনোলজির প্রকৌশলীসহ পাঁচজন গতকাল শুক্রবার প্রথম প্রহরে মুক্ত হন। ৮ জুলাই তাঁদের রাঙামাটি জেলার বাঘাইছড়ির বারিবিন্দুঘাট এলাকা থেকে অপহরণ করে একদল সশস্ত্র দুর্বৃত্ত। পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফের অনুসারীরা এ অপহরণ করে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযোগ। অপহূত ব্যক্তিরা হলেন বি-টেকনোলজির প্রকৌশলী মো. আখতারুজ্জামান, টেকনিশিয়ান মো. ইমরুল হোসেন ও মো. হেমায়েত হোসেন এবং অনিয়মিত টেকনিশিয়ান সুজাউদ্দিন ও খাগড়াছড়ি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. মুজিবুর রহমান। টানা ১৭ দিন অপহরণকারীদের হাতে বন্দী ছিলেন তাঁরা। প্রত্যেকের জন্য ছিল দুজন করে অস্ত্রধারী। ২০ থেকে ২২ বার জায়গা বদল করা হয়েছে। দিনে চলাচলের সময় চোখ বেঁধে রাখা হতো। রাতেই বেশি চলাচল হতো। শেষ ১৪ রাতে তাঁরা কোনো আলোর দেখা পাননি। গোসল করেছেন তিন-চার দিন পর পর। দিনে দুবেলা ভাত পেয়েছেন কচি বাঁশের ডগা দিয়ে। ত্রিপল বিছিয়ে ঘুমাতে হয়েছে গভীর জঙ্গলে। ঝড়-বৃষ্টি সব গেছে শরীরের ওপর দিয়ে। প্রথম আলোর কাছে বিভীষিকাময় ওই ১৭ দিনের বর্ণনা দিয়েছেন প্রকৌশলী আখতারুজ্জামান। শুনুন তাঁর জবানিতে—
৮ জুলাই মারিশ্যার বারিবিন্দুঘাটে টেলিটকের টাওয়ার মেরামত করছিলাম আমরা। ওই দিন বেলা পৌনে দুইটার দিকে সশস্ত্র লোকজন আমাদের ঘেরাও করে ফেলে। আমাদের কাজ তখন প্রায় শেষ, ফিরে যাওয়ার প্রস্তুতি চলছিল। এর মধ্যে কোনো কিছু বোঝার আগেই হঠাৎ ঘিরে ফেলে তারা আমাদের পার্শ্ববর্তী কাচালং নদী পার করে নিয়ে যায়। নদী পার হয়ে দেখি, সাত-আটটি মোটরসাইকেল দাঁড়িয়ে আছে। সেখানে একে একে আমাদের পাঁচজনের চোখ বাঁধা হয়। তোলা হয় পাঁচটি মোটরসাইকেলে। যতটুকু মনে পড়ে, মোটরসাইকেল ৩৫ থেকে ৪০ মিনিট চলেছে। এরপর শুরু হলো হাঁটা। কয়েক ঘণ্টা হেঁটেছি। একপর্যায়ে হাঁটা বন্ধ হলো। আমাদের দুই ভাগ করে দুটি বাড়িতে রাখা হলো। ওই পাহাড়ি বাড়িতে আমরা তিন দিন ছিলাম। কেন আমাদের অপহরণ করা হলো তা কিছুই বলছিল না তারা। প্রতিদিন খাবার দেওয়া হতো সকাল ১০টায় এবং বিকেল চার-পাঁচটার দিকে। জুম চালের ভাত আর বাঁশকোড়ল (কচি বাঁশের ডগা)। বাঁশকোড়ল দিয়ে খাওয়া যাচ্ছিল না বলে এক দিন ডাল চেয়েছি। ওরা ডালেরও ব্যবস্থা করেছে।
তিন দিন পর হঠাৎ করে শুরু হলো জায়গা বদল। আবার চোখ বাঁধা হলো। পাহাড়ি পথে চার থেকে পাঁচ ঘণ্টার মতো হেঁটেছি বলে মনে হলো। হেঁটে আমরা ক্লান্ত হয়ে পড়ি। পাহাড়ি নতুন জায়গা। চেনার কোনো উপায় নেই। সব জায়গা একই রকম মনে হয়। এর মধ্যে এক দিন অপহরণকারীদের সঙ্গে আমাদের টেকনিশিয়ান মোহামঞ্চদ হেমায়েতের মৃদু তর্ক হয়। ওদের একজন হেমায়েতের গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। এরপর আমাদের কেউ তাদের কথার বাইরে কিছু বলার ও করার সাহস পায়নি।
শেষ ১৪ রাত ভিন্ন ভিন্ন জায়গায় কেটেছে। ঘুমানোর জন্য ত্রিপল ছিল বিছানা। আর পলিথিন দিয়ে দেওয়া হতো মাথার ওপর। বৃষ্টিতে খুব কষ্ট হতো। টানা ১৪ রাত আমরা বাতির আলো দেখিনি।
আমাদের সার্বক্ষণিক পাহারার দায়িত্বে ছিল সাত-আটজন অস্ত্রধারী যুবক। ছোট, বড় দুই ধরনের অস্ত্রই ছিল। ওরা আমাদের চোখে চোখে রেখেছিল। রাতে ঘুম ভাঙার পরও তাদের সশস্ত্র পাহারা দিতে দেখেছি। আমরা যে ক্লান্ত হয়ে পড়ছি, সেই কথা বলার সাহস পেতাম না। ফলে আস্তে আস্তে আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি। সব সময় জীবনের ভয়ে ছিলাম। বাবা-মাসহ পরিবারের লোকজন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের কথা মনে পড়ত। ভাবতাম তাঁদের সঙ্গে আর দেখা হবে কি না। আখতারুজ্জামান দীর্ঘশ্বাস ফেলে বলেন, ‘যতই দিন যাচ্ছিল ততই হতাশা বাড়ছিল। ঘন ঘন স্থান বদলের মধ্যে আমরা একবার পালানোর চিন্তা করেছিলাম। কিন্তু কোনো সুযোগ ছিল না। অবশ্য অপহরণকারীরা বলেছে, আমাদের উদ্ধারে পুলিশ, সেনাবাহিনী অভিযান চালাচ্ছে।’ আখতারুজ্জামান বলেন, ‘বৃহস্পতিবার বিকেলেও আমাদের যথারীতি খাবার দেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আবার নতুন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এবার চোখ বাঁধা হয়নি। আমরা হাঁটা শুরু করি। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ি। কিন্তু হাঁটা থামানোর সাহস ছিল না। এই দিন মনে হলো, দূরে কোথাও নিয়ে যাচ্ছে। মধ্যরাত হবে হয়তো, আমরা একটি টিলার কাছে এসে পৌঁছাই। সেখানে পাশেই রাস্তার মতো চোখে পড়ল। রাস্তার ওপর গাড়ির বাতি জ্বলতে দেখা গেল। ১৪ রাতের মধ্যে প্রথম আলোর দেখা। এই আলো দেখে কোন ফাঁকে সশস্ত্র সাত-আটজন অপহরণকারী হাওয়া হয়ে গেল খেয়ালই করিনি। তখন আমরা ওই আলো অনুসরণ করে এগিয়ে যাই। গিয়ে দেখি, একটি পাজেরো আর একটি পিকআপ দাঁড়ানো। দুটি গাড়িতে সাতজন লোক বসা। গাড়ির কাছে গেলে তাঁরা আমাদের পরিচয় জানতে চান। আমরা অপহরণ হয়েছি বলে জানাই। তখন তাঁদের একজন নিজেদের ডিজিএফআইয়ের সদস্য বলে পরিচয় দেন। তাঁরা আমাদের উদ্ধারের জন্য কয়েক দিন ধরে অভিযান চালাচ্ছিলেন বলেও জানান। এরপর তাঁরা আমাদের পিকআপে উঠিয়ে নেন। ভোরে আমরা রাঙামাটিতে পৌঁছাই।’ আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমরা নতুন জীবন পেয়েছি। আল্লাহ তাআলার প্রতি অশেষ শুকরিয়া। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ যাঁরা আমাদের মুক্তির জন্য সব সময় চেষ্টা করেছেন তাঁদের সবার কাছে কৃতজ্ঞ আমরা।’