ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ভর্তুকির কলের লাঙল কেনায় অনিয়মের খবর প্রকাশের ৪০ দিন পর গতকাল মঙ্গলবার ঝিনাইদহে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী কলের লাঙল সরবরাহকারী রাফি এন্টারপ্রাইজের মালিক আসাদুল ইসলাম ওরফে লিটু।
এর আগে ৪ জুলাই সাংবাদিক আজাদ রহমানের বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। কলের লাঙলের জন্য নির্বাচিত ১০ জন এই ডায়েরি করেন। তাতে বলা হয়েছে, কৃষকেরা কলের লাঙল ক্রয় করেছেন। অথচ তাঁদের জনসম্মুখে হেয় করার জন্য প্রথম আলোয় একাধিকবার খবর প্রকাশ করা হয়েছে। এতে তাঁদের ‘২০ লাখ টাকার মানহানি হয়েছে’। এতে সাক্ষী হয়েছেন কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন ও রাফি এন্টারপ্রাইজের মালিক আসাদুল ইসলাম।
ঝিনাইদহের সাংবাদিক সমাজ এই মামলা ও জিডির প্রতিবাদ করেছে। জেলা প্রেসক্লাব ও পাঁচটি উপজেলার সাংবাদিকেরা গতকাল প্রতিবাদ সভা করে এর নিন্দা জানিয়েছেন। তাঁরা ‘অবিলম্বে এই মামলা ও জিডি প্রত্যাহারের’ দাবি জানিয়েছেন।
প্রসঙ্গত, গত ২৭ মে প্রথম আলোয় ‘কলের লাঙলের ভর্তুকির বড় ভাগ সরকারি দলের নেতা-কর্মীদের পকেটে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর কৃষি মন্ত্রণালয় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। এরপর কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সংসদে বিবৃতি দিয়ে প্রথম আলোর খবর অসত্য দাবি করেন। আজাদ রহমান তদন্ত কমিটির আমন্ত্রণে সাড়া দেননি অভিযোগ তুলে পরদিন আবার সংসদে বিবৃতি দেন তিনি। প্রথম আলো পুরো বিষয়টি আবার অনুসন্ধান করে। ২ জুলাই ‘প্রথম আলোর খবর অসত্য নয়, এখনো পাঁচজন কলের লাঙল কেনেননি’ শিরোনামে খবর প্রকাশ করে। কৃষি মন্ত্রণালয়ের তদন্ত কিমিটি আবার এলাকায় গিয়ে অভিযুক্তদের সঙ্গে কথা বলে। এরপর আবার সংসদে বিবৃতি দিয়ে খবর অসত্য দাবি করেন মন্ত্রী। প্রথম আলো ‘খবর সত্য’ বলে আবারও তার অবস্থান তুলে ধরে। এরপর এই জিডি ও মামলার ঘটনা ঘটল।
গতকাল ঝিনাইদহ আদালতে নালিশি মামলা দায়েরের পর আদালত তা নথিভুক্ত করার জন্য কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। মামলায় প্রতিবেদককে সহযোগিতা করার অভিযোগে কোটচাঁদপুরের স্থানীয় সাংবাদিক সুব্রত সরকারকেও আসামি করা হয়েছে।
মামলায় দাবি করা হয়, ৩০ জুন দুপুর ১২টার সময় আজাদ রহমান তাঁর ঘরে উপস্থিত হয়ে সংবাদ পরিবেশনের ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি ১০ হাজার টাকা দেন, যা তাঁর সহযোগী সুব্রত সরকার গুনে নেন। বাকি টাকার জন্য চাপ দিতে থাকেন আজাদ রহমান। এই টাকা না দেওয়ায় ২ জুলাই বাদীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়।
সাংবাদিকদের প্রতিবাদ:
আজাদ রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ জানিয়েছে ঝিনাইদহ প্রেসক্লাবসহ পাঁচ উপজেলার সাংবাদিক সংগঠনগুলো। দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় সাংবাদিক নেতারা ঘটনার তীব্র নিন্দা জানান। তাঁরা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান। তাঁরা ৯ জুলাই জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেন।
সভায় দৈনিক ইত্তেফাক-এর ভ্রাম্যমাণ প্রতিনিধি বিমল সাহা, দৈনিক ইনকিলাব-এর মোস্তফা মাজেদ, নিউ এজ পত্রিকার দেলোয়ার কবীর, ইউএনবির আমিনুর রহমান, কালের কণ্ঠ-এর এম সাইফুল মাবুদ, জনকণ্ঠ-এর এম রায়হান, দিনকাল-এর আসিফ ইকবাল, মানবজমিন-এর আমিনুল ইসলাম, দৈনিক জনতার আজিজুর রহমান সালাম, বৈশাখী টিভির রফিকুল ইসলাম, বাংলাভিশনের আসিফ ইকবাল, আজকালের খবর-এর রবিউল ইসলাম বক্তৃতা করেন।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন স্থানীয় দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক আলাউদ্দীন আজাদ, ভোরের ডাক পত্রিকার আব্দুল হাই, বিটিভির প্রতিনিধি পিন্টু লাল দত্ত, চ্যানেল ৭১-এর প্রতিনিধি রাজিব হাসান, ডেইলি স্টার-এর আজিবর রহমান, মানবকণ্ঠ পত্রিকার শাহজাহান আলী, যমুনা টিভির প্রতিনিধি আহম্মেদ নাসিম আনসারী, মাই টিভির মিঠু মালিথা।
এ সভায় প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান ও সহসভাপতি আব্দুল হাইয়ের বিরুদ্ধে অন্য একটি মামলা দায়েরের ঘটনারও প্রতিবাদ জানানো হয়।
বিকেলে প্রতিবাদ সভা করে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাব। ক্লাবের সভাপতি এম শাহজাহান আলীর সভাপতিত্বে সভায় ছয়জন সদস্য বক্তৃতা করেন। তাঁরা ঘটনার নিন্দা জানান।
কোটচাঁদপুর প্রেসক্লাবে অশোক দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংবাদিক আজাদ রহমান ও সুব্রত সরকারের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা করার নিন্দা জানানো হয়। সন্ধ্যায় প্রতিবাদ সভা করে হরিণাকুণ্ডু উপজেলা প্রেসক্লাব। সভাপতি সাইফুজ্জামান তাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। নয়জন সাংবাদিক সভায় বক্তৃতা করেন।
সন্ধ্যায় আলমগীর অরণ্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় শৈলকুপা প্রেসক্লাবের প্রতিবাদ সভা। একই সময় মহেশপুর সাংবাদিক কল্যাণ সংস্থা প্রতিবাদ সভা করেছে। আবুল হোসেন লিটনের সভাপতিত্বে ওই সভায় মামলা ও জিডির নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানানো হয়।