শেষদিন পর্যন্ত বঙ্গবন্ধু মানুষের কথা ভেবেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ’ শীর্ষক সেমিনারের বক্তব্য দিচ্ছেন অধ্যাপক আবদুল মান্নান। ছবি: ভাস্কর মুখার্জি
কলকাতায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ’ শীর্ষক সেমিনারের বক্তব্য দিচ্ছেন অধ্যাপক আবদুল মান্নান। ছবি: ভাস্কর মুখার্জি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেছেন, বঙ্গবন্ধু কৈশোর থেকে শেষদিন পর্যন্ত মানুষের কথা ভেবেছেন। তিনি ছিলেন এক আকর্ষণীয় ব্যক্তিত্বের মানুষ, যিনি আজন্ম লড়াই করেছেন স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতার পক্ষে আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে।

বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আজ বৃহস্পতিবার কলকাতায় এক সেমিনারে আবদুল মান্নান এসব কথা বলেন। কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের উদ্যোগে কলকাতার বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত মওলানা আজাদ কলেজের রেজা আলি ওয়াশেখ মিলনায়তনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ’ শীর্ষক ওই সেমিনারের আয়োজন করা হয়।

অধ্যাপক মান্নান আরও বলেন, এই উপমহাদেশে শান্তি ও ধর্মনিরপেক্ষতার বাতাবরণ তৈরির জন্য বঙ্গবন্ধুর নিরলস প্রচেষ্টা ইতিহাস হয়ে রয়েছে। তাঁর মতো একজন আপসহীন ও অসাম্প্রদায়িক নেতার আজ বড্ড প্রয়োজন।

কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনায় অংশ নেন মওলানা আজাদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক বিজয় কৃষ্ণ রায়। বিজয় কৃষ্ণ রায় বলেন, নেতৃত্ব প্রদানের অপরিসীম গুণাবলির আধার ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর অসাধারণ নেতৃত্বের ফসল বাংলাদেশ নামের একটি রাষ্ট্রের প্রতিষ্ঠা।

অনুষ্ঠানে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসান বলেন, বঙ্গবন্ধু একটি নাম, একটি ইতিহাস। যে মানুষটির জন্ম না হলে আজ বাংলাদেশ স্বাধীন হতো না। তিনিই আমাদের বঙ্গবন্ধু। তিনি আছেন, থাকবেন।

আলোচনা অনুষ্ঠান শুরুর আগে বঙ্গবন্ধুর ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।