শেষবেলায় উপচে পড়া ভিড়
ঈদ ঘরের দুয়ারে। তাই শেষবেলার কেনাকাটায় চলছে ধুম। একেকজনের একেক জিনিস কেনা বাকি। কারও জুতা, কারও গয়না, কারও টুপি, কিংবা ঘরের একান্ত প্রয়োজনীয় কিছু বাজার। তাই বলে কাপড়ের দোকানে ভিড়ের কমতি নেই। শাড়ি, শার্ট অথবা ছোটদের পোশাক—মোটামুটি সব জায়গাতেই উপচে পড়া ভিড়।নারীদের পোশাক: রমজান মাসের শুরু থেকে শাড়ির দোকানে কেনাবেচা শুরু হলেও, শেষবেলায় কেনাকাটা বাকি রয়েছে অনেকের। হকার্স মার্কেট থেকে শুরু করে বসুন্ধরা—সব জায়গাতেই মানুষের ভিড়। জামাকাপড়ের দোকানে ভিড় করছেন নারীরা। থ্রিপিস সালোয়ার-কামিজের চেয়ে বিক্রি বেশি রেডিমেড সালোয়ার-কামিজের। তবে ভারতীয় কাপড়ের থ্রিপিসের চেয়ে দেশীয় থ্রিপিসের চাহিদা বেশি বলে জানালেন বিক্রেতারা। বসুন্ধরার বিক্রেতা নয়ন জানালেন, নরসিংদী, চান্দিনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জের তাঁতের কটন, সিল্ক, অ্যান্ডি কটন, অ্যান্ডি সিল্ক, হাফ সিল্ক ও মসলিন কাপড় দিয়ে তৈরি সালোয়ার-কামিজগুলোতে রয়েছে বৈচিত্র্যের সমাহার। সালোয়ার-কামিজ বা ফতুয়ার সঙ্গে মিল রেখে বিভিন্ন রকমের হাতের তৈরি গয়নাও বেশ বিক্রি হচ্ছে। ঘর সাজানোর উপকরণ: সোফার কভার, দরজা-জানালার নতুন পর্দা, কুশন বা নানা ডিজাইনের ল্যাম্প বিক্রি হচ্ছে দেদার। নিউমার্কেটে লতিফা আকন্দ পুরো ঘরের জন্য নতুন পর্দা কিনেছেন। তিনি বলেন, ‘ঈদে আত্মীয়স্বজন সবাই আসে। তাই ঘরের সাজসজ্জায় পরিবর্তন আনতে হয়।’ খাবার টেবিলে বিভিন্ন পদের খাবার সাজানোর জন্য নারীরা কিনছেন রকমারি তৈজসপত্র। তবে পুরো সেটের চেয়ে খুচরা বাটি, গ্লাস বা কাপের বিক্রি বেশি বলে জানালেন মুন্নু সিরামিকের বিক্রেতারা।জুতা-স্যান্ডেল: পোশাক তো কেনা হয়েছে, কিন্তু সঙ্গে তো মানানসই স্যান্ডেল চাই। শাড়ি আর সালোয়ার-কামিজ কিংবা টপসের সঙ্গে তো একই রকম স্যান্ডেল পরা যায় না। চাই রুচিমতো মানানসই স্যান্ডেল। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিশা এলিফ্যান্ট রোডের জুতার দোকান থেকে একসঙ্গে চার জোড়া স্যান্ডেল কিনলেন। ইতিমধ্যে ঈদ উপলক্ষে উপহার পাওয়া চার ধরনের পোশাকের সঙ্গে মিলিয়ে কিনেছেন তিনি। শামি ফুটওয়্যারসের বিক্রেতা ইকবাল জানালেন, মেয়েদের দুই ফিতার ফ্ল্যাট স্যান্ডেলের চাহিদা বেশি। ডিজাইনের ওপর ভিত্তি করে এসবের দাম আড়াই শ থেকে সাড়ে সাত শ টাকা পর্যন্ত। ছোটদের জুতার মধ্যে কার্টুন আঁকা রয়েছে এমন জুতার কাটতি বেশি।গয়না: পোশাকের সঙ্গে মিলিয়ে গয়না না পরলে মানায় নাকি? শাড়ি, সালোয়ার-কামিজ, টপসের সঙ্গে মিলিয়ে বিভিন্ন ধরনের গয়না কিনছেন ফ্যাশন-সচেতন কিশোরী-তরুণী। তবে মাটি-পুঁতি-কাঠের গয়নার চাহিদা বেশি।ছেলেদের টুকিটাকি: বরাবরের মতো ছেলেদের ঈদের পোশাকের ক্ষেত্রে প্রথম পছন্দ পাঞ্জাবি। এ ছাড়া ফতুয়া, প্যান্ট, শার্ট, টি-শার্ট এসব তো আছেই। রোজার শেষ মুহূর্তে ছেলেদের কেনাকাটাও বেশ জোরেশোরে চলছে।বেল্ট-শেভিং সামগ্রী: নিউমার্কেট ও এর উল্টো দিকে ধানমন্ডি হকার্স মার্কেট, এলিফ্যান্ট রোডে গিয়ে দেখা গেল, সেখানে ভিড় নানা শ্রেণীর মানুষের। পাঞ্জাবি, জিনস প্যান্ট, শার্ট—এসবের বাইরে বেচাকেনা হচ্ছে গেঞ্জি, বেল্ট, শেভিং সামগ্রী। একসঙ্গে অনেকগুলো গেঞ্জি কিনেছেন আবদুর রহমান নামের এক ক্রেতা। তিনি জানান, সাধারণত স্যান্ডো গেঞ্জি খুব কম পরা হয়। কিন্তু ঈদের দিন নতুন পাঞ্জাবির ভেতর গেঞ্জি না পরলে কিছুটা অস্বস্তি লাগে। এ জন্য তিনি গেঞ্জি কিনেছেন। শুধু তাঁর জন্য নয়, পরিবারের সবার জন্য। নিউমার্কেট ও এলিফ্যান্ট রোডে বিক্রি হচ্ছে নানা ধরনের বেল্ট। দাম দেড় শ থেকে শুরু করে হাজার টাকা।