সকাল আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ২৮টি ভোটকেন্দ্রের পরিবেশ ছিল শান্ত ও সৌহার্দ্যপূর্ণ। কিন্তু তারপরের আড়াই ঘণ্টায় ঘটেছে নানা অপ্রীতিকর ঘটনা। ‘কেন্দ্র দখল’, হামলা, পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের রাবার বুলেট নিক্ষেপসহ ঘটেছে অনেক ঘটনা। এসব ঘটনায় বিএনপির মেয়র পদপ্রার্থীসহ আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। এই চিত্র রাঙামাটি পৌরসভা নির্বাচনের।
বিএনপি ও জনসংহতি সমিতির অভিযোগ, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে বেলা আড়াইটা থেকে চারটা পর্যন্ত রিজার্ভ বাজার এলাকার শহীদ আবদুল আলী একাডেমি, রাঙামাটি সিনিয়র মাদ্রাসা, রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয়, তবলছড়ি এলাকার শাহ উচ্চবিদ্যালয়, রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, দক্ষিণ বালিকা সরকারি উচ্চবিদ্যালয়, স্বর্ণটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বনরূপা এলাকার কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, লেকার্স পাবলিক স্কুল, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কাঁঠালতলী, ফরেস্ট কলোনি এলাকার আলফেসানি একাডেমি, চম্পকনগরের ওয়াপদা রেস্টহাউস কেন্দ্র এবং ভেদভেদি এলাকার আমানতবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভেদভেদি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারতে শুরু করে। এ সময় বিএনপি ও জনসংহতি সমিতির কর্মীরা বাধা দিতে গেলে কোথাও পুলিশের সঙ্গে, কোথাও আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া হয়। দক্ষিণ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুলিশ রাবার বুলেট এবং কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফাঁকা গুলি ছোড়ে। এসব ঘটনায় ২০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে মেয়র পদপ্রার্থী মো. সাইফুল ইসলাম চৌধুরীসহ ১৩ জনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম বলেন, তাঁদের মেয়র পদপ্রার্থীসহ পাঁচ নেতা-কর্মী হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বলেন, বেলা সাড়ে তিনটার দিকে মো. সাইফুল ইসলাম চৌধুরী শহরের তবলছড়ি এলাকার দক্ষিণ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দিকে যাওয়ার সময় কাপ্তাই থেকে আসা বহিরাগত ব্যক্তিরা তাঁর গাড়িতে হামলা চালায়। এ সময় হকিস্টিক, লাঠিসোঁটা ও ইটপাটকেল দিয়ে
তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। হামলাকারীরা তাঁর মাথার পেছনে, মেরুদণ্ডে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম ও জনসংহতি সমিতি-সমর্থিত মেয়র পদপ্রার্থী গঙ্গা মানিক চাকমার অভিযোগ, আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভোটকেন্দ্র দখলের জন্য তিন থেকে চার হাজার বহিরাগতকে জড়ো করা হয়।
আওয়ামী লীগের প্রার্থী মো. আকবর হোসেন চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপির কর্মীদের কেন্দ্র দখলের চেষ্টার কারণে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। সাইফুল ইসলাম চৌধুরীর ওপর হামলার ঘটনাটিকে তিনি বিএনপির অভ্যন্তরীণ কোন্দল বলে দাবি করেন।
সরেজমিনে দেখা যায়, বেলা দুইটার দিকে আওয়ামী লীগের কর্মীরা ভোটার পরিচয়ে কারিগরি প্রশিক্ষণকেন্দ্র কাঁঠালতলী কেন্দ্রে প্রবেশ করতে চাইলে বিএনপির কর্মীরা বাধা দেন। এ সময় দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া চলে। তখন পুলিশ ও বিজিবির সদস্যরা দুই পক্ষের মাঝখানে অবস্থান নিলে তারা থেমে যায়। পৌনে তিনটার দিকে আওয়ামী লীগের কয়েকজন কর্মী ভোটার কার্ড দেখিয়ে কেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় ১০-১৫ মিনিট ভোট গ্রহণ স্থগিত রাখা হয়।
বেলা সাড়ে তিনটার দিকে কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের কর্মীরা ঢুকতে চেষ্টা করলে বিএনপি ও জনসংহতি সমিতির কর্মীরা বাধা দেন। এ সময় বিজিবি ও পুলিশ সদস্যরা দুই পক্ষকে সরিয়ে দেয়।
আওয়ামী লীগের কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগ সম্পর্কে রিটার্নিং কর্মকর্তা ও রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তফা জামান বলেন, ‘অভিযোগ সম্পর্কে একজন আমাকে কাগজ দিয়েছেন, সেটা কোন দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে, তা-ও দেখার সময় পাইনি। এখন ফলাফল আসছে। ফলাফল ঘোষণা করছি। অভিযোগ সম্পর্কে পরে দেখব।’