শেষরক্ষা হচ্ছে না পদ্মাপারের ভূখণ্ডটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মা নদীতে বিলীন হওয়ার পথে রাজশাহীর পবা উপজেলার চরখিদিরপুর গ্রাম। ভাঙনের কবলে পড়া একটি স্থাপনা সরিয়ে নিচ্ছেন গ্রামবাসী। গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো
পদ্মা নদীতে বিলীন হওয়ার পথে রাজশাহীর পবা উপজেলার চরখিদিরপুর গ্রাম। ভাঙনের কবলে পড়া একটি স্থাপনা সরিয়ে নিচ্ছেন গ্রামবাসী। গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো

চরখিদিরপুর রাজশাহীর পবা উপজেলার ছোট্ট ভূখণ্ড। এটির তিন দিকে ভারত, এক দিকে পদ্মা। নদীভাঙনে এটি মানচিত্র থেকে মুছে যাওয়ার পথে।
এই ভূখণ্ড রক্ষায় প্রায় দুই কোটি টাকা ব্যয় করার পর এখন আর কর্তৃপক্ষ এটির ব্যাপারে কোনো আগ্রহ দেখাচ্ছে না। ভাঙন অব্যাহত থাকলে কয়েক দিনের মধ্যেই এটি বিলীন হয়ে পদ্মা গিয়ে ঠেকবে ভারতীয় সীমানায়।

নদীভাঙনে এ মুহূর্তে মহাসংকটে পড়েছে ওই ভূখণ্ডের মানুষ। এবার সেখান থেকে শেষবারের মতো সরে আসতে হচ্ছে দেড় শতাধিক পরিবারকে। কিন্তু তাদের পুনর্বাসনের কোনো উদ্যোগ নেই। ভূখণ্ডটিতে রয়েছে দুটি করে বিদ্যালয়, মসজিদ ও বিজিবি ক্যাম্প (ফাঁড়ি)। স্থায়ীভাবে সরাতে হবে এগুলোও। কী হবে শিক্ষার্থীদের পড়াশোনার—এ শঙ্কা শিশু থেকে বয়স্ক সবার।

এই ভূখণ্ড যে ইউনিয়নের অংশ, সেই হরিয়ান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মফিদুল ইসলাম বলেন, রাজশাহী শহরের পদ্মার ওপারে তিন দিকে ভারতীয় সীমানাঘেরা চরখিদিরপুর, তারানগর ও খানপুর নামে তিনটি গ্রাম ছিল। আয়তন ছিল ১ হাজার ৯৪২ হেক্টর। নদীভাঙনে তারানগর ও খানপুর আগেই হারিয়েছে। আর চরখিদিরপুর ছোট হতে হতে গত বছর ১৮৭ হেক্টর আয়তনে এসে দাঁড়িয়েছে।

মফিদুল ইসলাম আরও বলেন, গ্রামটিতে শ দেড়েক পরিবার রয়েছে। ইতিমধ্যে তারা নিজেদের বাড়িঘর ভেঙে সরিয়ে নিতে শুরু করেছে। গ্রামের দুই মাথার দুই সীমান্ত পিলার নদীতে হারিয়ে গেছে। এখন গ্রামের মাঝ বরাবর দুটি পিলার রয়েছে। পিলার দুটিতে নদী পৌঁছালেই তাঁর ইউনিয়নে পদ্মার দক্ষিণ তীরে বাংলাদেশের মাটি থাকবে না।
সরেজমিন: চরখিদিরপুরে গতকাল শুক্রবার গিয়ে দেখা যায়, গ্রামের পাকা মসজিদটা ভেঙে ইট-কাঠ সরানো হচ্ছে। কৃষক আজিজুল হক ও নূরুল ইসলাম মসজিদ সরানোর কাজ করছেন। স্থানীয় ইউপি সদস্য গোলাম মোস্তফা বলেন, চার দিন আগে থেকে মসজিদের মাইকে লোক ডাকা হচ্ছে। কিন্তু মসজিদ সরানোর লোক পাওয়া যাচ্ছে না। সবাই নিজেদের ঘর ভাঙা নিয়ে ব্যস্ত।

দেখা গেল, সাইদুর রহমান নামের একজন জমির কাঁচা ধঞ্চে কেটে নিয়ে যাচ্ছেন। ধানের সদ্য শিষ বেরিয়ে আছে আকবর আলীর জমির। সেই ধানই কেটে নিয়ে যাচ্ছেন তিনি। বললেন, গরুর খাবার হবে। আর তো কিছু করার নেই।

সংরক্ষিত ইউপি সদস্য কোহিনুর বেগম বললেন, গ্রামে পূর্ব-পশ্চিম দুই মাথা ভেঙে ভারতের সীমানার সঙ্গে মিশে গেছে। এখন কোনটি ভারতের জলসীমা আর কোনটি বাংলাদেশের—জেলেরা তা ঠিক করতে পারছেন না। বৃহস্পতিবার মাছ ধরতে গেলে বিএসএফ ৩৫টি মাছ ধরা নৌকা আটক করে বিজিবির জিম্মায় দিয়েছে। গ্রামের মানুষ এখন কী খাবে, কোথায় যাবে—এ নিয়ে মহাসংকট হচ্ছে।

গ্রামের আবদুল আজিজের স্ত্রী শুকমন (৫৫) বলেন, চারবার ভাঙনে সর্বস্ব খুইয়ে এখানে বাড়ি করেছিলেন। পেছনে তো আর দেশের মাটি নেই। এখন কোথায় যাবেন। ইউপি চেয়ারম্যানকে দেখে বললেন, ‘আমহারকে বাঁচান গো মামা। কুণ্ঠাতে ভাঙন চল্যা আসল। আমরা যাব কোথায়?’
জানতে চাইলে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলে রাব্বি বলেন, ছোট হলেও ভূখণ্ডটির গুরুত্ব রয়েছে। ২৫ জুলাই উন্নয়ন-সমন্বয় কমিটির সভায় এটি রক্ষায় ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করা হয়েছিল। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পক্ষ থেকে বলা হয়েছে, তা রক্ষায় কোনো বরাদ্দ পাওয়া যায়নি।
গ্রামটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে কি না, সে প্রশ্নে ফজলে রাব্বি বলেন, তাঁরা তো গ্রামটি রক্ষা করতেই চান। কিন্তু বরাদ্দ না পাওয়া গেলে কিছুই করার নেই। এ জন্য ‘পরিত্যক্ত’ বলাটা বোধ হয় ঠিক হবে না।

রাজশাহী পাউবোর সূত্রে জানা গেছে, দুই বছর আগে এই এলাকা রক্ষার জন্য পাউবো ১ কোটি ৬৮ লাখ ও ৬৩ লাখ টাকার দুটি প্রকল্প হাতে নেয়। তবে তীব্র ভাঙনের মুখে কাজের শেষ পর্যায়ে এসে প্রকল্প দুটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরে বোর্ডের মহাপরিচালক এসে যেকোনো মূল্যে এই ভূখণ্ড রক্ষার ঘোষণা দিয়েছিলেন।
রাজশাহী পাউবোর নির্বাহী প্রকৌশলী মুখলেছুর রহমান বলছেন, এই গ্রাম রক্ষার জন্য তাঁদের প্রস্তাব অনুযায়ী মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে। কমিটির সদস্যরা প্রকল্প এলাকা পরিদর্শন করে গেছেন। কিন্তু তাঁরা আর এখন এই প্রকল্প বাস্তবায়নে উৎসাহ দেখাচ্ছেন না।