শেষশয্যা নিলেন রফিক আজাদ
ব্যাকরণসহ আরবি-উর্দু জানলেও রফিক আজাদের মায়ের বাংলাটা জানা ছিল না। এই খেদ থেকেই ছোট ছেলেকে তিনি বাংলায় পড়াতে চেয়েছিলেন। ছেলেবেলায় কবি তাঁর মাকে বিষাদসিন্ধু পুঁথি পড়ে শোনাতেন। বাংলা ভাষার প্রতি কবির যে প্রেম, তাঁর কবিতা লেখার যে অনুপ্রেরণা, তা সম্ভবত তিনি এখান থেকেই পেয়েছিলেন।
গতকাল সোমবার শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এসে কেন্দ্রীয় শহীদ মিনারে বাষ্পরুদ্ধ কণ্ঠে কথাগুলো বলছিলেন রফিক আজাদের বড় ভাই নুরুল ইসলাম খান। এদিন বিকেলে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে একুশে পদকপ্রাপ্তদের জন্য নির্ধারিত জায়গায় তাঁকে সমাহিত করা হয়।
এর আগে সকাল ১০টায় কবি রফিক আজাদের মরদেহ নিয়ে আসা হয় শহীদ মিনারের পাদদেশে। সেখানে তাঁর মরদেহ গ্রহণ করেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ ও জাতীয় কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ। এরপর তাঁর মরদেহ নিয়ে আসা হয় শহীদ মিনারের সামনে স্থাপিত শোক বেদিতে। সেখানে নাগরিক শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। সকাল ১০টা ২০ মিনিটে মুক্তিযোদ্ধা এ কবিকে গার্ড অব অনার দেওয়া হয়। ঢাকা জেলা পরিষদের পক্ষে পুলিশের একটি দল বিউগলে করুণ সুর বাজিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানায়। সেই সঙ্গে তাঁর মরদেহ জাতীয় পতাকায় আচ্ছাদিত করা হয়। পালন করা হয় এক মিনিটের নীরবতা।
শহীদ মিনারে কবি রফিক আজাদকে শ্রদ্ধা জানান ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান ও অধ্যাপক রফিকুল ইসলাম, সৈয়দ শামসুল হক, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, আবুল কাশেম ফজলুল হক, রামেন্দু মজুমদার, হাশেম খান, মনিরুল ইসলাম, নিসার হোসেন, রশীদ হায়দার, কামাল চৌধুরী, কাজী রোজী, নাসির উদ্দীন ইউসুফ, মামুনুর রশীদ, শিল্পী রথীন্দ্রনাথ রায়সহ অনেকে। সাংগঠনিকভাবে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
আনিসুজ্জামান বলেন, ‘রফিক আমার ছাত্র ছিল। আমার সামনে ওর চলে যাওয়া অনেক বেশি বেদনার।’
সৈয়দ শামসুল হক বলেন, কবির কখনো মৃত্যু হয় না, কবিতারও মৃত্যু নেই। রফিক আজাদের স্ত্রী কবি দিলারা হাফিজ বলেন, ‘আমি ঋষিতুল্য একজন মানুষের সঙ্গে বাস করেছি। প্রতিনিয়ত রফিকের কাছ থেকে মানুষ হওয়ার শিক্ষা নিয়েছি।’
আসাদুজ্জামান নূর বলেন, স্বাধীনতার আগেই তিনি মুক্তি ও স্বাধীনতা নিয়ে ভেবেছেন, যা স্বাধীনতার পরেও অব্যাহত ছিল।
দুপুর ১২টার পর শহীদ মিনার থেকে রফিক আজাদের মরদেহ নেওয়া হয় বাংলা একাডেমি প্রাঙ্গণে। সেখানে তাঁর দীর্ঘদিনের বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা ফুলেল শ্রদ্ধা জানান। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত কবির শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
কবি নির্মলেন্দু গুণ বলেন, তাঁর কবিতার ভাষায় নেতিয়ে পড়া ছন্দময়তা নেই, কিন্তু বক্তব্য আছে।
বাংলা একাডেমির শ্রদ্ধা নিবেদন শেষে জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে রফিক আজাদের জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হওয়া তাঁর চিরচেনা ধানমন্ডির বাসভবনে। সেখানে পরিবারের সদস্য ও প্রতিবেশী গুণগ্রাহীদের শ্রদ্ধা নিবেদনের পর দ্বিতীয় দফা জানাজা হয়। এরপর কবির মরদেহ নিয়ে গাড়িবহর রওনা হয় মিরপুরের দিকে। ঘড়ির কাঁটা তখন তিনটা ছুঁই ছুঁই।