শোক
কামরুল আহসান
বরিশাল মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কামরুল আহসান শাহীন (৫৮) গত শনিবার রাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। জাতীয়তাবাদী আইনজীবী সমিতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। গতকাল বিকেলে জেলা স্কুল মাঠে জানাজা শেষে মুসলিম গোরস্থানে তাঁর মরদেহের দাফন সম্পন্ন হয়। বরিশাল অফিস
নূরজাহান বেগম
নূরজাহান বেগম (৬২) গত ২১ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। তিনি বাংলাদেশ জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেট দলের অধিনায়ক হাফিজুর রহমানের মা। বিজ্ঞপ্তি।
মৃত্যুবার্ষিকী
দীপ্তি লোহানী
মুক্তিযোদ্ধা শব্দসৈনিক দীপ্তি লোহানীর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ২৪ নভেম্বর। আজ তাঁর ৭৯তম জন্মদিনও। এ উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার খান সনতলা গ্রামে স্মরণ ও জন্মবার্ষিকী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। স্থানীয় তফসির মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি ও পাঠাগারে বই দেওয়া হবে। দীপ্তি লোহানী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে নিয়মিত কথিকা লিখতেন ও পাঠ করতেন। তিনি দেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানীর স্ত্রী। বিজ্ঞপ্তি।
আলী আজম ভূইয়া
মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক সাংসদ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলী আজম ভূইয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী আজ ২৪ নভেম্বর। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া এবং ঢাকায় মিলাদ মাহফিল এবং এতিমদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।