শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজী আবুল ফাত্তাহ
মুক্তিযোদ্ধা এবং গীতিকার ও সুরকার কাজী আবুল ফাত্তাহ (৭৯) গত মঙ্গলবার নিউইয়র্কের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। নিউইয়র্কের সময় অনুযায়ী গতকাল বুধবার মাগরিবের নামাজের পর জামাইকা মুসলিম সেন্টারে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার অং আইল্যান্ডে তাঁর লাশ দাফন করা হবে। বিজ্ঞপ্তি।

আবদুল মান্নান
ব্যবসায়ী ও সমাজসেবক আবদুল মান্নান (৭৭) গত ৩১ জানুয়ারি গুলশানের নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় আগামীকাল শুক্রবার বিকেলে তাঁর গুলশানের বাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। কর্মজীবনে আবদুল মান্নান একাধিক সফল ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক ছিলেন। তিনি গুলশান কেন্দ্রীয় জামে মসজিদের প্রতিষ্ঠাকালীন সদস্য। তিনি নিজ জেলা ময়মনসিংহের মাইজবাড়িতে আবদুল খালেক উচ্চবিদ্যালয়েরও প্রতিষ্ঠাতা। বিজ্ঞপ্তি।

কাজী আবুল ওয়াদুদ
মুক্তিযোদ্ধা সংসদ ঢাকা মহানগরের ইউনিট কমান্ডের নির্বাচিত সহকারী কমান্ডার কাজী আবুল ওয়াদুদ (৬০) গত মঙ্গলবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার বাদ জোহর বাসাবো মাঠে জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়। মরহুমের যুক্তরাষ্ট্রপ্রবাসী ছোট ভাই দেশে ফেরার পর তাঁর মরদেহ বনানী কবরস্থানে দাফন করার কথা রয়েছে। বিজ্ঞপ্তি।

মাধব গোবিন্দ সাহা
ফরিদপুর শহরের ব্যবসায়ী মাধব গোবিন্দ সাহা (৭১) গতকাল বুধবার সকালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। গতকাল বিকেলে অম্বিকাপুর শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। মাধব গোবিন্দ সাহা ১৯৮১ সালে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্রলীগ, ঢাকা আবাহনী ক্লাব ও ঢাকেশ্বরী মন্দির পূজা উদ্যাপন কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। ফরিদপুর অফিস।

সিদ্দিকুর রহমান
ঢাকার উত্তরখানের বাসিন্দা সিদ্দিকুর রহমান (৭৫) গত সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গত মঙ্গলবার সকালে বিএসএমএমইউর মসজিদ প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। একই দিন বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে উত্তরখানের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তিনি বিএসএমএমইউর ডেপুটি রেজিস্ট্রার সালাহ উদ্দিন সিদ্দিকের বাবা। বিজ্ঞপ্তি।

সুখময় দাস
ফেনী পৌরসভার মাস্টারপাড়ার বাসিন্দা সুখময় দাস (৮৪) গতকাল বুধবার বিকেলে বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করেছেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আজ বৃহস্পতিবার সকালে ফেনী পৌর শ্মশানে তাঁর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোট, ফেনীর সদস্যসচিব সত্যজিৎ দাসের বাবা। ফেনী অফিস

মৃত্যুবার্ষিকী
গাজিউর রহমান
সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও মুক্তিযোদ্ধা গাজিউর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ১২ ফেব্রুয়ারি। এ উপলক্ষে আজ বাদ আসর রাজধানীর পূর্ব তেজতুরী বাজার এলাকায় প্যাসিফিক হোমসের বাসায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকার জন্য মরহুমের আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের প্রতি পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।