শোক
মুশফিকুর রহমান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এম মুশফিকুর রহমান (৫৬) গত রোববার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জানাজা এবং বাদ আসর নগরের দড়িখড়বোনা ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে কাদিরগঞ্জ কবরস্থানে তাঁকে দাফন করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
হোসেন আহম্মেদ
চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্য ও চট্টগ্রাম সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি হোসেন আহম্মেদ (৫৮) গত রোববার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। হোসেন আহম্মেদের মৃত্যুতে চট্টগ্রাম হকার্স ইউনিয়নের সভাপতি আবু তাহের ও সম্পাদক হেফাজতের রহমান, চট্টগ্রাম সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সভাপতি ওবায়দুল হক মজুমদার ও সম্পাদক দেলোয়ার হোসেনসহ সমিতি এবং ইউনিয়নের সব সদস্য গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।