শোক
জাহানারা খানম
অভিনেতা ও নির্দেশক তারিক আনাম খানের মা জাহানারা খানম (৮৫) গত রোববার রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার বনানী কবরস্থানে বাদ জোহর তাঁর দাফন করা হয়। মরহুমের মেয়ে খুরশিদা হায়দারের আজিমপুরের বাসায় আজ মঙ্গলবার বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহীদের উপস্থিত থাকার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
তসলিম উদ্দিন
শেরপুরের প্রবীণ আইনজীবী মো. তসলিম উদ্দিন (৯০) গতকাল সোমবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জোহর শেরপুর তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাঠে জানাজা শেষে চাপাতলী পৌর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। এর আগে জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা অর্পণ করা হয়। তাঁর মৃত্যুতে জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শেরপুর প্রতিনিধি
মো. মাইনুল ইসলাম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা মো. মাইনুল ইসলাম (৭০) রোববার রাত ১০টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল সোমবার রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়েছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক, সাবেক সাংসদ মুশফিকুর রহমান, উপজেলা বিএনপি সভাপতি মুসলিম উদ্দিন প্রমুখ। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।