শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এস এম আসাদুল্লাহ
রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিদ্যালয়টির প্রধান শিক্ষক এস এম আসাদুল্লাহ (৮৩) গতকাল মঙ্গলবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আজ বুধবার সকাল নয়টায় তাঁর গ্রামের বাড়ি উপজেলার আউচপাড়া ইউনিয়নের বইকুরী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রথম ও সকাল ১০টায় মচমইল বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে বিদ্যালয়টির পাশের কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

খাদিজা বেগম
মেহেরপুরের সিভিল সার্জন ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান সিদ্দিকীর মা কাজী খাদিজা বেগম (৭০) গতকাল মঙ্গলবার সকালে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, পাঁচ ছেলে ও ছয় মেয়ে রেখে গেছেন। গতকাল আসরের নামাজের পর কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ঘিলাতলি গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

আবদুস সাত্তার
চট্টগ্রামের মিরসরাইয়ের মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার (৬৫) গত সোমবার রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বেলা দুইটায় মিরসরাই পৌর সদরের লোহারপুলসংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা শেষে মসজিদ কবরস্থানে রাষ্ট্রীয় মর্যদায় তাঁর মরদেহ দাফন করা হয়। মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার দৈনিক যুগান্তর পত্রিকার মিরসরাই প্রতিনিধি মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশের বাবা। সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

মো. দুরুদ আলী
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের চিৎলিয়া জনকল্যাণ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দুরুদ আলী (৪৭) গত সোমবার রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে কৃষ্ণপুর গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বিকেলে কৃষ্ণপুর মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি