শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপুল রঞ্জন চৌধুরী
দৈনিক যুগান্তর পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও প্রথম আলোর সাবেক শ্রীমঙ্গল প্রতিনিধি বিশ্বজ্যোতি চৌধুরীর বাবা বিপুল রঞ্জন চৌধুরী (৯২) মারা গেছেন। বিপুল রঞ্জন চৌধুরী সিলেট থেকে প্রকাশিত সাপ্তাহিক যুগভেরী পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। গতকাল শুক্রবার বিকেল চারটা ২০ মিনিটে শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার সড়কের নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে ও বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। শ্রীমঙ্গল পৌর শ্মশানঘাটে তাঁর দাহ সম্পন্ন হবে। তাঁর মৃত্যুতে শ্রীমঙ্গল প্রেসক্লাব ও যুগভেরী পরিবার গভীর শোক প্রকাশ করেছে। মৌলভীবাজার প্রতিনিধি

আবদুল মাজেদ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামের বাসিন্দা আবদুল মাজেদ (৮২) গতকাল শনিবার বিকেলে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ রোববার বেলা ১১টার দিকে কামালদিয়া মাঠে জানাজা শেষে কামালদিয়া কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে। মরহুম আবদুল মাজেদ মাজেদ ফরিদপুর-১ আসনের সাংসদ আবদুর রহমানের মেজো ভাই। ফরিদপুর অফিস

ইদ্রিসুর রহমান
পটুয়াখালীর গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. ইদ্রিসুর রহমান (৭৮) গত শুক্রবার সন্ধ্যায় গলাচিপা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল সকালে গলাচিপার জৈনপুরি খানকার মাঠে জানাজা শেষে পৌর কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি