শোক
মাসুমা সিদ্দিক
রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা মাসুমা সিদ্দিক (৭৫) একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে ও নাতি-নাতনি রেখে গেছেন। জানাজা শেষে বাদ আসর আজিমপুর কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়। তিনি মরহুম সিরাজুল ইসলামের স্ত্রী ও সাংবাদিক সাইফুল ইসলামের মা। মাসুমা সিদ্দিক গাজীপুরের কালিয়াকৈরের বলিয়াদির প্রয়াত জমিদার চৌধুরী রইস উদ্দিন সিদ্দিকের নাতনি। বিজ্ঞপ্তি।
মৃত্যুবার্ষিকী
আখতারুজ্জামান চৌধুরী
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ও সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ৪ নভেম্বর। এ উপলক্ষে তাঁর পরিবার, জেলা ও উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ দুই দিনের কর্মসূচি হাতে নিয়েছে। পাশাপাশি আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ, আখতারুজ্জামান চৌধুরী বাবু ফাউন্ডেশন, বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চবিদ্যালয় ও দলের অঙ্গসংগঠন পৃথক কর্মসূচি নিয়েছে। আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
কালীপদ মণ্ডল
গোপালগঞ্জ সদরের পুঁইসুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কালীপদ মণ্ডলের দশম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল মঙ্গলবার। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি কাশিয়ানী উপজেলার সিংগা গ্রামের মণ্ডলবাড়ি ও গোপালগঞ্জ শহরের বাসভবনে ভাগবত পাঠ, ধর্মীয় আলোচনা ও ভোগ প্রদান করা হয়। কালীপদ মণ্ডল দৈনিক কালের কণ্ঠ পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি প্রসূন মণ্ডলের বাবা। ফরিদপুর অফিস