শোক
শেখ আলী আহম্মেদ
বাগেরহাটের প্রবীণ আওয়ামী লীগ নেতা, সাবেক গণপরিষদ সদস্য ও মুক্তিযোদ্ধা শেখ আলী আহম্মেদ গতকাল বৃহস্পতিবার ভোরে খুলনার একটি বেসরকারি ক্লিনিকে (৮৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিকেলে ফকিরহাট উপজেলা সদরে আট্টাকা কে. আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে স্থানীয় আট্টাকা জামে মসজিদ চত্বরে শেখ আলী আহম্মেদের দাফন সম্পন্ন হয়। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এ নেতা মৃত্যুকালে স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। শেখ আলী আহম্মেদ আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, নওয়াপাড়া বঙ্গবন্ধু বালিকা বিদ্যালয়, শহীদ স্মৃতি মহাবিদ্যালয়, ফকিরহাটে ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়সহ বিভিন্ন স্থানে ২০টির বেশি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তাঁর মৃত্যুতে বাগেরহাট জেলা আওয়ামী লীগ শোক প্রকাশ করেছে। জেলার চার সংসদ সদস্যও গভীর শোক প্রকাশ ও পরিবারকে সমবেদনা জানিয়েছেন।