শোক
শামছুল আলম চৌধুরী
সিলেটের রাজনীতিক ও সমাজসেবক শামছুল আলম চৌধুরী (৭৮) গত শুক্রবার রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন তিনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় হজরত শাহজালাল (রহ.) দরগাহে জানাজা শেষে দরগাহ কবরস্থানে শামছুল আলমকে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ বিশিষ্টজনেরা শোক প্রকাশ করেছেন। শামছুল আলম চৌধুরী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরীর বাবা। সিলেট প্রতিনিধি
শামসুদ্দিন আহম্মেদ
দিনাজপুরের পার্বতীপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ, উপজেলা বিএনপির প্রথম সভাপতি শামসুদ্দিন আহম্মেদ (৯০) হৃদ্রোগে আক্রান্ত হয়ে গতকাল শনিবার দুপুরে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দুই পুত্র ও তিন কন্যা রেখে গেছেন। আজ রোববার বাদ জোহর স্থানীয় ডিগ্রি কলেজ মাঠে জানাজা শেষে নামাপাড়া কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
রফিকুল ইসলাম
নেত্রকোনা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক খবরপত্রের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম (৫০) গতকাল শনিবার সকালে সদর উপজেলার অনন্তপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বেশ কিছুদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন। রফিকুল ইসলাম স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে ছাড়াও অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে গতকাল বিকেলে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। রফিকুল ইসলামের মৃত্যুতে স্থানীয় সাংবাদিকেরা শোক প্রকাশ করেছেন। নেত্রকোনা প্রতিনিধি