শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুফতি আবদুর রহমান

প্রখ্যাত আলেম এবং বসুন্ধরা ইসলামি রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি আবদুর রহমান (৯০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ কার্যালয়ে তিনি মারা যান। পারিবারিক সূত্র জানায়, আবদুর রহমান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সর্বশেষ অ্যাপোলো হাসপাতালে অস্ত্রোপচার করে তাঁর পেট থেকে টিউমার অপসারণ করা হয়। আজ বুধবার সকাল ১০টায় ইসলামিক রিসার্চ সেন্টার প্রাঙ্গণে জানাজা শেষে আবদুর রহমানের মরদেহ বসুন্ধরা এলাকায় দাফন করা হবে। দীর্ঘদিন তিনি বাংলাদেশের ইসলামি ব্যাংকসমূহের কেন্দ্রীয় শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান ছিলেন। নিজস্ব প্রতিবেদক

জুলিয়া হক
উইমেন ভলান্টারি অ্যাসোসিয়েশনের (ডব্লিউভিএ) সাবেক মেম্বার চেয়ারপারসন ও লায়ন্স ক্লাব অব ঢাকার সাবেক সদস্য জুলিয়া হক (৭১) গতকাল মঙ্গলবার সকালে নিজের বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুম আমিনুল হকের স্ত্রী জুলিয়া হক দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার মাগরিবের নামাজের পর জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি

রাজ আলী মোল্লা
টাঙ্গাইলের নাগরপুরের বাসিন্দা রাজ আলী মোল্লা (৬৫) গত সোমবার সন্ধ্যায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। সোমবার রাতে টাঙ্গাইল শহরের থানাপাড়া জামে মসজিদ এবং গতকাল মঙ্গলবার সকালে নাগরপুরের গয়হাটায় জানাজা শেষে তাঁকে দাফন করা হয়েছে। রাজ আলী মোল্লা দৈনিক সমকাল-এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি আবদুর রহিমের বাবা। টাঙ্গাইল প্রতিনিধি

ডেভিড অনুপ সাংমা
নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের বিরিশিরির ঘোড়াইত এলাকার বাসিন্দা ডেভিড অনুপ সাংমা (৫৯) গত সোমবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। অনুপ সাংমা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। গতকাল মঙ্গলবার তাঁর মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়। প্রার্থনা শেষে বিকেলে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ সমাহিত করা হয়। নেত্রকোনা প্রতিনিধি

মো. আশরাফুল আলম
দিনাজপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম (৫৯) গত সোমবার দিবাগত রাতে ভারতের বেঙ্গালুরু শহরের কলম্বিয়া হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার তাঁর মরদেহ বাংলাদেশে আনা হবে। কাল বৃহস্পতিবার জানাজার পর দিনাজপুর জেলা শহরের লালবাগ কবরস্থানে আশরাফুলের লাশ দাফন করা হবে। আশরাফুল প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি আসাদুল্লাহ সরকারের বড় বোনের ছেলে। তাঁর মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, জেলা বিএনপি সভাপতি মো. লুৎফর রহমান, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা শোক প্রকাশ করেছেন। দিনাজপুর অফিস