শোক
আতা উদ্দিন খান
সাবেক মন্ত্রী ও মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল ও কলেজের চেয়ারম্যান আতা উদ্দিন খান (৮৮) গতকাল সোমবার রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ জোহর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল ও কলেজ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার দোহারের নবাবগঞ্জে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে। সমাজসেবা ও শিক্ষা বিস্তারে অবদান রাখার জন্য তিনি ১৯৯৩ সালে ‘তর্কবাগীশ মেডেল ও সনদ’ পান। বিজ্ঞপ্তি।
লিয়াকত আলী
খুলনার দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সম্পাদক ও মুক্তিযুদ্ধের সংগঠক লিয়াকত আলী (৬৭) গত শনিবার দিবাগত রাত ১২টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার বেলা ১১টায় শহরের শহীদ হাদিস পার্কে জানাজা শেষে বসুপাড়া কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। লিয়াকত আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের সভাপতি ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। খুলনা প্রতিনিধি।
হাবিব উল্যাহ
ফেনীর দাগনভূঞার আলাইয়ারপুর গ্রামের বাসিন্দা শিল্পপতি মো. হাবিব উল্যাহ (৯০) গতকাল সোমবার ভোরে ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। সন্ধ্যায় দাগনভূঞার আতাতুর্ক মডেল উচ্চবিদ্যালয় মাঠে প্রথম জানাজা এবং নিজ গ্রাম আলাইয়ারপুরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। ফেনী অফিস