শোক
জাহানারা খান
আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ মরহুম ইয়ার মোহাম্মদ খানের স্ত্রী জাহানারা খান গত রোববার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি পাঁচ মেয়ে ও এক ছেলেসহ নাতি-নাতনি ও অনেক আত্মীয়স্বজান রেখে গেছেন। বিজ্ঞপ্তি।
মো. জিন্নাত আলী
শেরপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (জিপি) মো. জিন্নাত আলী (৫৮) গতকাল মঙ্গলবার দুপুরে শহরের গৃদানারায়ণপুর এলাকার নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বিকেলে জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে প্রথম ও নকলা উপজেলার ধুকুরিয়া গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। শেরপুর প্রতিনিধি
ইসতিয়াক শরীফ চপল
বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যাপক ও পটুয়াখালী-২ (বাউফল) আসনের সাবেক সাংসদ মো. ইয়াকুব শরীফের মেজ ছেলে বিশিষ্ট ব্যবসায়ী ইসতিয়াক শরীফ চপল (৩৫) গত সোমবার ঢাকার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার বিকেলে জানাজা শেষে কনকদিয়া ইউনিয়নের হোগলা গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
শেখ নুরুল ইসলাম
জাতীয় দলের ক্রিকেটার রবিউল ইসলামের বাবা শেখ নুরুল ইসলাম (৬০) গত সোমবার রাতে সাতক্ষীরা জেলার নিজ বাসভবনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ (কোয়াব)। বিজ্ঞপ্তি।