শোক
জয়ন্ত কুমার স্যানাল
মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক জয়ন্ত কুমার স্যানাল (৭৪) গত মঙ্গলবার রাত সাড়ে ১১টায় মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদ্রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জ শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। মুন্সিগঞ্জ প্রতিনিধি
মৃত্যুবার্ষিকী
অধ্যক্ষ শেখ আবু হামেদ
ভাষা-সংগ্রামী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অধ্যক্ষ শেখ আবু হামেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৪ ডিসেম্বর। এ উপলক্ষে তাঁর পরিবার ও সরাইল ইতিহাস পরিষদের পক্ষ থেকে দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। স্বাধীনতা সংগ্রাম ও তিতাস পাড়ের স্মৃতি এবং অঙ্গে আমার বঙ্গ রক্ত বহে গ্রন্থের রচয়িতা শেখ আবু হামেদ। তাঁর স্মৃতি রক্ষার্থে তাঁর নামে সরাইল ডিগ্রি কলেজের নামকরণের দাবি জানিয়েছে সরাইল ইতিহাস পরিষদ। বাংলাদেশ টেলিভিশনের বার্তা সম্পাদক শেখ মজলিশ ফুয়াদ তাঁর তৃতীয় পুত্র। বিজ্ঞপ্তি।