শোক
নারায়ণ চন্দ্র শর্মা
মুক্তিযোদ্ধা ও সারদা পুলিশ একাডেমীর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার নারায়ণ চন্দ্র শর্মা (৭০) গত ১৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি পাবনার সুজানগর উপজেলার ক্রোড়দুলিয়া গ্রামে। বিজ্ঞপ্তি।
এ কে এম আহসান
ফেনী পৌরসভার সাবেক কমিশনার ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক এ কে এম আহসান ওরফে তোতা মিয়া (৭৫) গতকাল শনিবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিকেলে ফেনীর মিজান ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। এ কে এম আহসান চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত রেফারি ছিলেন। তিনি শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক সেলিনা পারভীনের ছোট ভাই। ফেনী অফিস
এস এম নুরুন্নবী
ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য এস এম নুরুন্নবী (৮৬) গত বৃহস্পতিবার ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের ফাজিলপুর গ্রামে পারিবারিক কবরস্থানে গত শুক্রবার বাদ আসর তাঁর মরদেহ দাফন করা হয়েছে। এর আগে বাদ জুমা ফরিদপুর শহরের রেডক্রিসেন্ট মার্কেট চত্বরে মুজিব সড়কে তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়। তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ফরিদপুর অফিস।
দৌলতজ্জামান
নাটোরের ভাষাসৈনিক দৌলতজ্জামান (৭৮) শুক্রবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার বাদ জোহর জানাজা শেষে তাঁর জন্মস্থান নাটোর শহরের গাড়িখানা গোরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তিনি দুই ছেলে এক মেয়ে রেখে গেছেন। তিনি দশম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় বায়ান্নর ভাষা আন্দোলনে যোগ দেন এবং এ কারণে কারাভোগও করেন। নাটোর প্রতিনিধি