শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কামরুন নেছা
জাতীয় পর্টির সাবেক সাংসদ (সংরক্ষিত নারী আসন; শরীয়তপুর-২৩) চিকিৎসক কামরুন নেছা নীলু (৫৮) গত শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আগামীকাল মঙ্গলবার তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। ডেপুটি স্পিকার ফজলে রাব্বি তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।

খায়রুল বাশার

গণযোগাযোগ বিশেষজ্ঞ ও বিশিষ্ট সাংবাদিক অধ্যাপক খায়রুল বাশার (৭৮) গত শনিবার রাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর মরদেহ আজ সোমবার বিমানযোগে ঢাকায় এনে আগামীকাল মঙ্গলবার জুরাইন কবরস্থানে দাফন করা হবে। খায়রুল বাশার ছিলেন মালয়েশিয়ার সেলাংগর বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের অধ্যাপক। খায়রুল বাশার বিখ্যাত আন্তর্জাতিক সাময়িকী জার্নাল ফর ডেভেলপমেন্ট কমিউনিকেশন-এর (জেডিসি) সম্পাদক ছিলেন। ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি ফিলিপাইনের ম্যানিলাভিত্তিক সংগঠন প্রেস ফাউন্ডেশন অব এশিয়ার (পিএফএ) মহাসচিবের দায়িত্ব পালন করেন। মালয়েশিয়ার দৈনিক সান পত্রিকায় নিয়মিত কলামও লিখতেন তিনি। বাসস।

একরামুল আলম

নাটোর-৪ আসনের সাবেক সাংসদ, বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল আলম (৬১) গতকাল রোববার সকালে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল বাদ মাগরিব বনপাড়া মডেল উচ্চবিদ্যালয় মাঠে ও বাদ এশা নিজ গ্রাম মহিষভাঙ্গায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। নাটোর প্রতিনিধি

গোলাম আহম্মদ

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও মোদাহরপুর গ্রামের বাসিন্দা গোলাম আহম্মদ (৯০) গত শনিবার গভীর রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। তিনি স্ত্রী, তিন ছেলে ও ছয় মেয়ে রেখে গেছেন। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

আলাউদ্দিন প্রামাণিক

নাটোরের গুরুদাসপুর উপজেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক গুরুদাসপুর বার্তারপ্রকাশক আলাউদ্দিন প্রামাণিক (৫৫) গত শনিবার রাতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারে তাঁর বাড়ি। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যুতে স্থানীয় সংবাদকর্মী, ব্যবসায়ী, রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের নেতারা শোক জানিয়েছেন। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় জানাজা শেষে চাঁচকৈড় পুরানপাড়া কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি